
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনের সড়কে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পাঁচ দিনের ভারত সফর শেষে দেশে ফেরার পর গতকাল রোববার বিকেলে এইচ এম এরশাদকে তাঁর দল সংবর্ধনা দেয়। এ উপলক্ষে বেলা তিনটার পর থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জাতীয় পার্টির বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিমানবন্দরের সামনের সড়কে অবস্থান নিতে থাকেন। ঢাকার পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকেও নেতা-কর্মীরা মিছিল নিয়ে গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। ফলে বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সড়কের এক পাশ বন্ধ ছিল। সড়কের আরেক পাশ দিয়ে সীমিত আকারে যানবাহন চলে। এতে ওই এলাকা ও এর আশপাশে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়তে হয় ঘরমুখী সাধারণ মানুষকে।
সংবর্ধনা অনুষ্ঠানে এইচ এম এরশাদ বলেছেন, দেশের মানুষের পাশাপাশি বিদেশি বন্ধুরাও জাতীয় পার্টিকে ভবিষ্যতে ক্ষমতায় দেখতে চায়। জাতীয় পার্টি ক্ষমতার জন্য প্রস্তুত।