সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্য অপসারণের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ খেলাফত মজলিশ।
গতকাল বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে এই মতবিনিময় হয়। খেলাফত মজলিশের পক্ষ থেকে জাপার কাছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে স্থাপিত ভাস্কর্যের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরা হয়।
খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক প্রথম আলোকে বলেন, তাঁরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘মূর্তি’ স্থাপনের প্রতিবাদ ও অপসারণের দাবিতে আন্দোলন করছেন। এরই অংশ হিসেবে তাঁরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করছেন। সে ধারাবাহিকতায় গতকাল চার সদস্যের প্রতিনিধিদল এইচ এম এরশাদের সঙ্গে মতবিনিময় করে। তাঁরা এই আন্দোলনে এরশাদকে ভূমিকা রাখার অনুরোধ করেছেন।
জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, মতবিনিময়ে সার্বিক পরিস্থিতি, রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে।
জাপা বলেছে, ধর্মীয় অনুভূতিতে আঘাতের বিষয়টি খেলাফত মজলিশ বলতেই পারে। এই ভাস্কর্য আগে ছিল না। এটা কেন এল, সে বিষয়ে জাপার দলীয় ফোরামে বিস্তারিত আলোচনা করা হবে।