মহাজোটের শরিক জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে গতকাল রোববার রাতে বৈঠক করেছেন আওয়ামী লীগের দুই নেতা যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। বৈঠকে গাজীপুর সিটি নির্বাচনে জাপার সমর্থন চান আওয়ামী লীগের ওই দুই নেতা। সম্প্রতি অনুষ্ঠিত চার সিটি নির্বাচন, মহাজোটে জাপার থাকা না-থাকা নিয়েও আলোচনা হয়। শিগগির এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এরশাদের বৈঠক হবে বলে জানা গেছে। রাতে এরশাদের গুলশানের বাসভবনে তাঁদের মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক হয়। এ সময় জাপার মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে এরশাদের অবস্থান ও বার্তা নিয়ে জাতীয় সংসদে ফিরে প্রধানমন্ত্রীর কাছে ব্যাখ্যা করেন আওয়ামী লীগের দুই নেতা। জানা যায়, গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানের পক্ষে সমর্থন নিয়ে দুই দলের নেতাদের মধ্যে আলোচনা হলেও সিদ্ধান্ত হয়নি। এরশাদ দলীয় নেতাদের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত জানাবেন বলে জানা গেছে। তবে সিঙ্গাপুরে অবস্থানকালে খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের গুঞ্জন উড়িয়ে দেন এরশাদ। জাপার সমর্থন চাওয়া সম্পর্কে জানতে চাইলে জাহাঙ্গীর কবির প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে দু-এক দিনের মধ্যেই জানতে পারবেন। ওই বৈঠকের পর জাপার নেতারা এরশাদের সঙ্গে বৈঠক করেন।