জাতীয় পার্টির (জাপা) জ্যেষ্ঠ নেতা কাজী জাফর আহমদ ঘোষণা দিয়েছেন, তিনি আর এরশাদের জাতীয় পার্টিতে নেই। আর, এরশাদ বলেছেন, তিনি জাতীয় পার্টির (জাপা) জনক। দলে কাজী জাফরের থাকা না-থাকায় কিছু যায়-আসে না।
জাপার এই দুই নেতা গতকাল মঙ্গলবার পৃথকভাবে সাংবাদিকদের এসব কথা বলেন। এরশাদ এ-ও বলেন, এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই। এ অবস্থায় নির্বাচন করা অত্যন্ত কঠিন। তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ দুই সপ্তাহ পেছানোর দাবি জানান।
অন্যদিকে, গতকাল দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দলটির সভাপতিমণ্ডলীর একজন সদস্য মুজিবুর রহমান যুক্তিবাদী জাপা থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি এরশাদকে ‘জাতীয় বেইমান পার্টির চেয়ারম্যান’ বলে মন্তব্য করেন।
গতকাল বিকেলে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন কাজী জাফর আহমদ সাংবাদিকদের বলেন, ‘এরশাদ সাহেব বলেছিলেন, সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে যাব না। নির্বাচনে গেলে মানুষ তাঁকে থুতু দেবে, বেইমান, দালাল বলবে। এ কথাগুলো এভাবে বলে তিনি রাতারাতি থুতুটা চেটে নিজে খাবেন, এটা আমার কল্পনাশক্তিকে হার মানিয়েছে। একজন রাজনীতিকের জীবনে এর চেয়ে মৃত্যু অনেক ভালো।’ তিনি বলেন, তিনিসহ দলের অনেকে এরশাদের এ ডিগবাজির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাঁরা আর এরশাদকে নেতা মানেন না। তিনি ও তাঁর সহকর্মীদের এ অবস্থান শিগগিরই দেখা যাবে। তাঁরা আর এরশাদের জাতীয় পার্টিতে নেই। সত্যিকারের জাতীয় পার্টিতে আছেন।
এ জন্য জাপার চেয়ারম্যান শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে কী করবেন—এ প্রশ্নের জবাবে কাজী জাফর বলেন, তাঁর বিরুদ্ধে এরশাদ যদি কোনো শাস্তিমূলক ব্যবস্থার চিন্তা করেন, তাহলে তিনি ‘প্যান্ডোরার বাক্স’ খুলে দেবেন। এই বাক্সে এমন সব আছে, যা এরশাদের জন্য সুখকর হবে না।
কাজী জাফর মনে করেন, এখন সারা দেশে রক্তপাত, সম্পদহানি হচ্ছে, এর জন্য অনেকাংশে দায়ী এরশাদের অনাকাঙ্ক্ষিত ভূমিকা। এরশাদ অবস্থান পরিবর্তন না করলে শেখ হাসিনা একতরফা নির্বাচনের সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হতেন। তিনি দাবি করেন, গৃহপালিত বিরোধীদলীয় নেতা হওয়ার জন্য এরশাদ অবস্থান পরিবর্তন করেছেন। এর পেছনে টাকা-পয়সাও একটা বিরাট ভূমিকা পালন করেছে।
গতকাল দুপুরে জাপার বনানীর কার্যালয়ে সংবাদ ব্রিফিং করেন এইচ এম এরশাদ। এ সময় সাংবাদিকেরা প্রশ্ন করেন, জাপার সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরের এই অবস্থানের কারণে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না। জবাবে এরশাদ বলেন, ‘কাজী জাফর ইজ নট এ মেটার ইন জাতীয় পার্টি।’ আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কাজী জাফর দলে থাকেন, আর না থাকেন, তাতে কিছু যায়-আসে না আমার। আই অ্যাম চেয়ারম্যান অব জাতীয় পার্টি, আই অ্যাম ফাদার অব জাতীয় পার্টি।’