এরশাদের সমর্থন ও দোয়া চাইলেন মাহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের মেয়র প্রার্থী মাহী বি চৌধুরী জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের সমর্থন চেয়েছেন। গতকাল মঙ্গলবার সাবেক এই রাষ্ট্রপতির বারিধারার পার্ক রোডের বাসায় গিয়ে সমর্থন ও দোয়া চান মাহী।
মাহী বি চৌধুরী গতকাল বেলা একটায় তালতলা বাসস্ট্যান্ড থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। সেখান থেকে তিনি পশ্চিম আগারগাঁও, শ্যামলী কাজী অফিস, কল্যাণপুর বাসস্ট্যান্ড, মিরপুর ১১ নম্বর বেনারসিপল্লি, শেওড়াপাড়া, গুলশান-২ কাঁচাবাজার ও বাড্ডা এলাকায় গণসংযোগ করেন। স্থানে স্থানে পথসভায় বক্তৃতার সময় ‘ইগল’ প্রতীকে ভোট চান। পথসভায় তিনি বলেন, মানুষ ঠিকভাবে ভোট দিতে পারলে সিটি নির্বাচনে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।
তালতলায় মাহী বি চৌধুরী বলেন, তাঁর বিশাল বাহিনী নেই যে তাদের সঙ্গে নিয়ে ঘুরবেন। ঢাকা উত্তরে শতকরা ৬০ ভাগ মধ্যবিত্ত, ২০ ভাগ উচ্চ মধ্যবিত্তের বাস। এ শ্রেণির লোকজন শিক্ষিত ও স্বাবলম্বী। এখানকার মানুষের বিবেক জাগ্রত। তাদের সঙ্গে সেতুবন্ধের জন্য কাজ করছেন তিনি।
বিএনপির নেত্রী খালেদা জিয়ার সভায় হামলায় উদ্বেগ প্রকাশ করে মাহী বলেন, এই হামলা অনভিপ্রেত। সংবাদপত্রে গোল চিহ্নিত কিছু লোকের ছবি দেখা গেছে। এরাই আবার উত্তরের আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হকের সঙ্গে প্রচারে ছিলেন।