এরশাদের সামনেই কর্মীদের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচ এম এরশাদ
এইচ এম এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপস্থিতিতেই আজ দলের দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। চট্টগ্রাম ক্লাবে আয়োজিত এক ইফতার মাহফিলে যোগ দিতে এরশাদ ঢাকা থেকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর পর এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি নিয়ে পটিয়া পৌরসভার সাবেক চেয়ারম্যান শামসুল আলম ও ঢাকা মহানগরের আহ্বায়ক সুলেমান শেখের মধ্যে বিরোধ রয়েছে। আজ শনিবার বিকেল চারটার দিকে এরশাদ বিমানবন্দর থেকে গাড়িতে ওঠেন। গাড়িতে সুলেমান শেখ ছিলেন। গাড়িতে পটিয়া পৌরসভার চেয়ারম্যান শামসুল আলমও উঠতে চান। কিন্তু সুলেমান শেখ তাঁকে গাড়িতে উঠতে বাধা দেন। এ নিয়ে দুজনের মধ্যে গোলমাল শুরু হয়। একপর্যায়ে দুপক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি শুরু হয়। সুলেমান শেখকে অপর পক্ষের লোকেরা গাড়ি থেকে টেনে নামান। একপর্যায়ে তাঁর পাঞ্জাবি ছিঁড়ে যায়।
গন্ডগোলের সময় এরশাদ গাড়ি থেকে নেমে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে যান। প্রায় ৪০ মিনিট ধরে তিনি সেখানে আটকে থাকেন। পরে এরশাদ চট্টগ্রাম ক্লাবের দিকে যান।