এরশাদের সিদ্ধান্ত জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে জাতীয় পার্টির (জাপা) নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির সভাপতিমণ্ডলীর জ্যেষ্ঠ সদস্য কাজী জাফর আহমদ।
গতকাল শনিবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কাজী জাফর এই আহ্বান জানান। তিনি বলেন, দলের নীতিনির্ধারণী সংস্থা সভাপতিমণ্ডলীর সদস্যদের অবহিত না করে এরশাদ এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, যা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
কাজী জাফর বলেন, ‘জাতীয় পার্টির কয়েকজন নেতা আকস্মিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে তথাকথিত নির্বাচনকালীন সর্বদলীয় সরকারে অংশগ্রহণ করেছেন। এ ঘটনায় শুধু আমি নই, সমগ্র জাতি হতভম্ব ও স্তম্ভিত।’ তিনি বলেন, জাপার অধিকাংশ সভাপতিমণ্ডলীর সদস্য, সাংসদ, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিব ও কেন্দ্রীয় নেতার সমন্বয়ে সংবাদ সম্মেলন করে পরবর্তী কার্যক্রমের দিকনির্দেশনা দেওয়া হবে।
সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচনে গেলে ‘মানুষ বেইমান বলবে’, ‘মুখে থুতু দেবে’—বিভিন্ন সময়ে এরশাদের দেওয়া এ ধরনের কিছু বক্তব্য দিন-তারিখসহ বিবৃতিতে উদ্ধৃত করা হয়। তাতে বলা হয়, তাঁর এসব বক্তব্যে আওয়ামী শাসকগোষ্ঠীর ভিত কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু এরশাদ জনগণের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়ে কিছু সুবিধাবাদী নেতাকে তথাকথিত সর্বদলীয় সরকারের মন্ত্রিত্বে আসীন করেছেন।