এরশাদের সিদ্ধান্তে স্তম্ভিত কাজী জাফর

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমদ বলেছেন, এরশাদ জনগণের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছেন। তাঁর ‘লজ্জাজনক’ ও ‘গণবিরোধী’ কার্যকলাপের পরও চুপচাপ থাকলে ইতিহাস ক্ষমা করবে না। তিনি দলের সব স্তরের নেতা-কর্মীকে নির্দলীয়, নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার আন্দোলনে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানান বর্ষীয়ান এই রাজনীতিবিদ। কাজী জাফর বলেন, অসুস্থতা কাটিয়ে উঠলে তিনি পরবর্তী দিকনির্দেশনা দেবেন। জাতীয় পার্টির ‘সর্বদলীয় সরকারে’ যোগদান ও নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তে তিনি গোটা জাতির মতোই স্তম্ভিত ও হতাশ। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে মুঠোফোনে খুদে বার্তায় প্রথম আলো ডটকমকে এরশাদ বলেন, কাজী জাফর আহমদ হাসপাতালে চিকিত্সাধীন। জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকার মানে না। এটিই তাঁর দলের অবস্থান। এ ছাড়া নির্বাচনকালীন সরকারে যোগ দেওয়ার পর থেকে এরশাদ বলে আসছেন, ‘দেশ ও জনগণের স্বার্থে’ তিনি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
কাজী জাফর আহমদ দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘জাতীয় পার্টির মধ্যে থাকা সরকারের অনুগত নেতৃবৃন্দের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান গ্রহণ করুন।’ তিনি সুস্থ হলেই দলের অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য, সাংসদ ও ভাইস চেয়ারম্যানকে নিয়ে সংবাদ সম্মেলন করে কর্মসূচি জানাবেন বলে উল্লেখ করেছেন। তিনি দাবি করেছেন, সর্বদলীয় সরকারে যোগ দেওয়ার প্রশ্নে এরশাদ জাতীয় পার্টির অধিকাংশ নেতাকে না জানিয়ে কিছু সুবিধাবাদী ও দোদুল্যমান মন্ত্রিত্বলোভী নেতাকে আওয়ামী লীগের ‘সর্বদলীয়’ সরকারের মন্ত্রিত্বে বসিয়েছেন। কাজী জাফরের ভাষায়, ‘আমরা মনে করি দলের সর্বোচ্চ ফোরাম প্রেসিডিয়ামকে উপেক্ষা করে স্বৈরতান্ত্রিক পদ্ধতিতে পার্টির গৃহীত পূর্বাপর অবস্থানের বিপরীত এমন একটি সিদ্ধান্ত নিয়েছেন, যা জাতির প্রতি বিশ্বাসঘাতকতার শামিল।’
কাজী জাফর আরও বলেন, দলটিকে এরশাদ গণধিকৃত দলে পরিণত করেছেন। যাঁরা সর্বদলীয় সরকারে যোগ দিয়েছেন, তাঁরা নিজ এলাকায় অবাঞ্ছিত হয়েছেন, জাতীয় পার্টির বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল হচ্ছে। কাজী জাফরের মতে, তিল তিল করে তিনি (কাজী জাফর) যে দল গড়েছেন, সেটির এ অবস্থা দেখে তিনি ব্যথিত।
এরশাদ বিভিন্ন সময় আওয়ামী লীগবিরোধী যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলো তারিখসহ উল্লেখ করেন কাজী জাফর আহমদ। তিনি গাজীপুর নির্বাচনে জাতীয় পার্টির পরিবর্তিত অবস্থানেরও সমালোচনা করেন।
সরকারের উদ্দেশে কাজী জাফর বলেন, ‘নির্বাচনকালীন নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের গণদাবি অবিলম্বে মেনে নিন এবং দেশকে গৃহযুদ্ধের হাত থেকে রক্ষা করুন।’ তাঁর মতে, দেশের সংকট সমাধানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। একমাত্র এর মাধ্যমেই জাতীয় সংলাপ এবং রাজনৈতিক অচলাবস্থা নিরসনের পথ সুগম হতে পারে।