এরশাদের 'মুক্তি' দাবিতে জাপার বিক্ষোভ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ‘আটক’ অবস্থা থেকে হুসেইন মুহম্মদ এরশাদের মুক্তির দাবিতে তাঁর দল জাতীয় পার্টি (জাপা) দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে আজ মঙ্গলবার সারা দেশে জেলা-উপজেলায় বিক্ষোভ-সমাবেশ এবং কাল বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান।

গতকাল সোমবার বিকেলে রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে বিজয় দিবসের আলোচনা সভায় এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।

এ সময় দলের কর্মীরা ‘হরতাল হরতাল’ বলে স্লোগান দিতে থাকলে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘এরশাদ সাহেব যখন কারাগারে বন্দী ছিলেন, তখনো আমরা হরতালের মতো ধ্বংসাত্মক কর্মসূচি দিইনি। আমরা শান্তি-শৃঙ্খলায় বিশ্বাস করি, ধ্বংসাত্মক কাজে বিশ্বাস করি না।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের বলেন, ‘১৯৯১ সালের পর থেকে আমরা সামনের দিকে না গিয়ে ক্রমান্বয়ে পেছনের দিকে যাচ্ছি। এখন দেশের যে যত বড় ক্রিমিনাল, সে তত বড় নেতা।’ তিনি বলেন, স্বাধীনতাযুদ্ধ করেছিলাম শোষণ-অন্যায় থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু মুক্তি কতটুকু পেয়েছি। দেশ-জাতির চেয়ে আজ ব্যক্তিস্বার্থ বেশি দেখা হচ্ছে। ব্যক্তিস্বার্থ দেখতে গিয়েই আজ দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাপার ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি এম ফয়সাল চিশতি।

এরশাদ গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনে চিঠি দিয়ে দলীয় প্রতীক লাঙ্গল কাউকে বরাদ্দ না দিতে অনুরোধ করেন। এরপর ওই রাতেই তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাসা থেকে তুলে নিয়ে সিএমএইচে ভর্তি করায়। পরদিন এরশাদ তাঁর বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের মাধ্যমে জানান, তিনি অসুস্থ নন, তাঁকে আটকে রাখা হয়েছে।