জামায়াত ও তাদের সহযোগীরা যে কত নৃশংস হতে পারে, তা দেশবাসী ভালো করেই জানে। তারা দেশকে নরকে পরিণত করছে। দিন দিন সহিংস হয়ে ওঠা এদের রুখতে সবাইকে এগিয়ে আসতে হবে।একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টা কমিটির সভাপতি ও জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী গতকাল বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত নির্মূল কমিটির সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘যদি সময়মতো যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শুরু করা হতো, তাহলে পরিস্থিতি এখনকার মতো এত খারাপ হতো না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার সাহসও পেত না ছাত্রশিবির।’একটি প্রামাণ্যচিত্র নিয়ে এর নির্মাতা শাহরিয়ার কবিরকে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের উকিল নোটিশের ব্যাপারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির বলেন, তিনি উকিল নোটিশের কোনো জবাব দেবেন না। জামায়াত এ বিষয়ে আদালতে গেলে তিনি স্বাগত জানাবেন। জামায়াত আগেও বিভিন্ন সময় তাঁকে উকিল নোটিশ দিয়েছে উল্লেখ করে এই লেখক ও মানবাধিকারকর্মী বলেন, তিনি কোনোটারই জবাব দেননি। জামায়াতও আর এগোয়নি।আওয়ামী লীগের ২১ আগস্টের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা নিয়ে নির্মিত ওই প্রামাণ্যচিত্রে হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নান স্বীকারোক্তি দিয়েছেন যে হাওয়া ভবনে বসে হামলার পরিকল্পনা করা হয়। ওই বৈঠকে উপস্থিত ব্যক্তিদের মধ্যে জামায়াতে ইসলামীর নেতা মুজাহিদও ছিলেন। সংবাদপত্রে মুফতি হান্নানের এ বক্তব্য প্রকাশের পর ওই নোটিশ পাঠানো হয়।সূচনা বক্তব্যে জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী উল্লেখ করেন, ১৯৭১ সালেও জামায়াত ও এর ছাত্রসংগঠন ইসলামী ছাত্র সংঘ একই ধাঁচে কাজ করত। তিনি বলেন, ‘এরা যে কত নৃশংস হতে পারে, তা দেশবাসী ভালো করেই জানে। আজকের (গতকাল) পত্রিকা দেখলে শিহরিত হয়ে উঠতে হয়। আমরা আশা করব, অতি দ্রুত রাজশাহীতে জামায়াত-শিবিরকে শায়েস্তা করা হবে।’জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রাজশাহী বিশ্ববিদ্যালয় সফরের দুই দিন পরই তাদের ছাত্রসংগঠন এই হত্যাকাণ্ড ঘটায় মন্তব্য করে বর্ষীয়ান এই শিক্ষাবিদ বলেন, ‘নিজামী সেখানে গিয়ে বলেছিলেন, রাজশাহী তাঁদের একটি বড় ঘাঁটি। এখান থেকে তাঁরা নতুন কর্মকাণ্ড শুরু করবেন।’বিচারপতি গোলাম রাব্বানী বলেন, ‘যারা যুদ্ধাপরাধ করেছে, তারা ধর্মের দোহাই দিয়ে নানা কুকর্ম করেছে। এখন সত্য উদ্ঘাটিত হচ্ছে। এ জন্য তারা উদ্বিগ্ন হয়ে পড়েছে।’ম্যানহোলে ছাত্রলীগের কর্মীর লাশ পাওয়ার বিষয়ে শাহরিয়ার কবির বলেন, লাশের প্রতি অশ্রদ্ধা পোষণ কোনো ধর্মই অনুমোদন করে না। কিন্তু জামায়াত সব সময়ই এটা করে। তারা লাশকে কীভাবে বিকৃত করে, তার নমুনা ১৯৭১ সালে দেখিয়েছে।ব্যারিস্টার তানিয়া আমীরও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।