এরিকসন বাংলাদেশের নতুন এমডি রাজেন্দ্র পাংরেকর

এরিকসন বাংলাদেশ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক রাজেন্দ্র পাংরেকর। রাজেন্দ্র পাংরেকর আগের ব্যবস্থাপনা পরিচালক গ্যারি ডেওয়িংয়ের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ শনিবার এরিকসন বাংলাদেশের এক বিজ্ঞপ্তিতে ফেব্রুয়ারি থেকে তাঁর দায়িত্ব নেওয়ার কথা জানানো হয়।
রাজেন্দ্র পাংরেকর বাংলাদেশের যোগাযোগপ্রযুক্তি খাত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘এরিকসন বাংলাদেশ সম্ভবত দেশের সবচেয়ে ভিন্নধর্মী যোগাযোগপ্রযুক্তিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান। আর প্রতিষ্ঠানটির উন্নয়নের পরবর্তী পদক্ষেপ গ্রহণে আমি অত্যন্ত উত্সাহী। এরিকসনের বিশ্বমানের প্রযুক্তি ও সেবার মাধ্যমে বাংলাদেশকে সাহায্য করার লক্ষ্যে আমি বেশ আশাবাদী।’
এর আগে রাজেন্দ্র পাংরেকর এরিকসনের গ্লোবাল সার্ভিসেস বিজনেস ম্যানেজমেন্টের (আফ্রিকা) ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি আফ্রিকার ৪২টি দেশের সার্ভিস বিজনেস ম্যানেজমেন্টের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
ভারতে জন্মগ্রহণকারী যুক্তরাজ্যের নাগরিক রাজেন্দ্র পাংরেকরের ইউরোপ, এশিয়া ও আফ্রিকার টেলিযোগাযোগ খাতে ২০ বছরেরও বেশি কাজ করার অভিজ্ঞতা রয়েছে।