
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান ঠিক ঠিক কথা ও সুরে গাওয়া হচ্ছে না—এ অভিযোগ বহুদিনের। এবার কবির ৪০তম মৃত্যুবার্ষিকীতে নজরুল ইনস্টিটিউট প্রকাশ করল আদি সুরের ৫০০ গান। নজরুল সুস্থ ও সক্রিয় থাকা অবস্থায় আব্বাসউদ্দীন আহমদ, ইন্দুবালা দেবী, আঙুরবালা দেবী, কমল দাশগুপ্তের মতো শিল্পীদের দিয়ে যে গানগুলো গাইয়েছিলেন, সেগুলোই এবার শোনা যাবে।
গতকাল বিকেলে রাজধানীর নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে মোড়ক উন্মোচিত হলো পাঁচটি ডিভিডির। এসব ডিভিডিতেই আছে ৫০০ গান। আদি সুর অনুযায়ী এখনকার শিল্পীদের গাওয়া ১২৫টি গানও প্রকাশিত হয়েছে ১০টি সিডিতে। আরও পাঁচটি সিডিতে প্রকাশিত হয়েছে নজরুলের ১০০টি কবিতার আবৃত্তি।
নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ইকরাম আহমেদ জানালেন কীভাবে পাওয়া গেল আদি সুরের এই গানগুলো। ভারতের কলকাতার নজরুল সাধক প্রয়াত ব্রহ্মমোহন ঠাকুর নজরুলসংগীত নিয়ে অনেক কাজ করেছেন। তাঁর কাছে অনেকগুলো গ্রামোফোন বা লংপ্লে (এলপি) রেকর্ডে ছিল দেড় হাজারের বেশি গান। মৃত্যুর আগে ব্রহ্মমোহন সেগুলো শিল্পী সুধীন দাশ ও রশিদুন্ নবীর মাধ্যমে নজরুল ইনস্টিটিউটকে দিয়ে যান। ৭০-৮০ বছরের পুরোনো রেকর্ডগুলোর গান ছিল অনেকাংশেই অস্পষ্ট। তবু নজরুল ইনস্টিটিউট সিডিতে ৩০০টি গান প্রকাশ করেছিল। কয়েক মাস আগে নিভৃতচারী নজরুল-অনুরাগী মুস্তাফিজ রহমান জানান, তাঁর কাছে আদি সুরের প্রায় ৬০০টি গান রয়েছে। এর মধ্যে আছে নজরুল ইনস্টিটিউট প্রকাশিত সিডিগুলো থেকে পাওয়া গান। ঝাপসা গানগুলো তিনি উদ্ধার করতে পেরেছেন। তাঁর সাহায্য নিয়েই নজরুল ইনস্টিটিউট এবার আদি সুরের গানগুলো প্রকাশ করল। ইউনিভার্সেল ফুড লিমিটেড ডিভিডি প্রকাশে সহযোগিতা করেছে। প্রচ্ছদ করেছেন কবির নাতি কাজী অনির্বাণ।
তবে পাঁচটি ডিভিডি এখনই শ্রোতারা কিনতে পারছেন না। ইকরাম আহমেদ বললেন, খুব শিগগির গানগুলো প্রকাশিত হবে ইনস্টিটিউটের ওয়েবসাইটে (www.nazrulinstitute.portal.gov.bd)। এ ছাড়া আগামী ডিসেম্বর ও মে মাসে আরও ১০০০ গান প্রকাশের কাজ চলছে।
এ ছাড়া আদি সুর অনুযায়ী বর্তমান শিল্পীদের গাওয়া ১২৫টি গানও প্রকাশিত হয়েছে। অপ্রচলিত এসব গান গেয়েছেন ৫৫ জন শিল্পী। শিল্পীদের প্রশিক্ষণ দিয়েছেন নজরুলসংগীতের কিংবদন্তি শিল্পী সুধীন দাশ। সংগীত পরিচালনায় ছিলেন স্বাধীন বাংলা বেতারের অন্যতম সুরকার সুজেয় শ্যাম। ইয়াসমিন মুশতারী, খালিদ হোসেন, লীনা তাপসী খানের মতো প্রতিষ্ঠিত শিল্পীরা ছাড়াও এখানে গান করেছেন প্রতিভাবান নতুন শিল্পীরা। সুধীন দাশ, খালিদ হোসেন, এস এম আহসান মুর্শেদ, সেলিনা হোসেন ও ইদ্রিস আলীর সমন্বয়ে গঠিত একটি বোর্ড শিল্পী নির্বাচনের কাজটি করে।
নজরুল ইনস্টিটিউট প্রথমবারের মতো নজরুলের কবিতার আবৃত্তির সিডি প্রকাশ করেছে। পাঁচটি সিডিতে ১০০টি কবিতা। আবৃত্তিশিল্পীদের মধ্যে আছেন সৈয়দ হাসান ইমাম, ভাস্বর বন্দ্যোপাধ্যায় ও জয়ন্ত চট্টোপাধ্যায়।
গতকাল বিকেলে ডিভিডি ও সিডিগুলোর মোড়ক উন্মোচন করেন সাংসদ শেখ ফজলে নূর তাপস। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নজরুল বাঙালির আত্মপরিচয়ের সঙ্গে মিশে আছেন। তাঁকে চর্চা করতেই হবে।
অনুষ্ঠানে বক্তব্য দেন কবির নাতনি খিলখিল কাজী ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কাউন্সিলর জাকির হোসেন। নজরুলের গান নিয়ে আলোচনা করেছেন শিল্পী সাদিয়া আফরিন মল্লিক।
অনুষ্ঠানের সভাপতি ইমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, নজরুল অসুস্থ হওয়ার পর তাঁর গানের সুর ও বাণীর বিকৃতি হয়েছে অনেক। নজরুলের পরিচালনায় ধারণকৃত গানগুলোই কেবল এ বিকৃতি থেকে রক্ষা করতে পারে।