এল আর গ্লোবালের প্রতিবাদ ও বক্তব্য
প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় গতকাল বৃহস্পতিবার প্রকাশিত ‘শেয়ার–বাজারে অর্থ লুটের আরেক কেলেঙ্কারি’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে এল আর গ্লোবাল বাংলাদেশ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পািন। কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলাম স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়েছে, এল আর গ্লোবালের আওতাধীন তহবিলগুলোর সব তথ্য সাপ্তাহিক, মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক ও বার্ষিক ভিত্তিতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) দাখিল করা হয়। এ ছাড়া প্রতিটি তহবিলের বার্ষিক আর্থিক বিবরণী নিরীক্ষা করা হয় ট্রাস্টি নিযুক্ত চার্টার্ড অ্যাকাউনটেন্সি ফার্মের মাধ্যমে, যা নিয়মিতভাবে দাখিল করা হয় বিএসইসিতে।
এতে বলা হয়, প্রকাশিত প্রতিবেদনে যেসব প্রতিষ্ঠানে বিনিয়োগের কথা বলা হয়েছে, সেগুলো ব্যক্তিস্বার্থ বা প্রবঞ্চনামূলক নয়, বরং বিনিয়োগকারীদের অধিক আয় ও নিরাপদ বিনিয়োগ নিশ্চিতের জন্য করা হয়েছে। এল আর গ্লোবাল দক্ষ বিশ্লেষকের মূল্যায়ন প্রতিবেদন ও আইন উপদেষ্টার পরামর্শ মেনে বিনিয়োগের সিদ্ধান্ত নেয় এবং প্রতিটি কোম্পানিই প্রতিষ্ঠিত ও সম্ভাবনাময়। প্রকাশিত প্রতিবেদনের সব তথ্য-উপাত্ত বস্তুনিষ্ঠ ও প্রমাণিত নয়।
প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত প্রতিবেদনটি নিজস্ব অনুসন্ধান ও বিএসইসি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা হয়েছে। বিএসইসি এ জন্য একটি তদন্ত কমিটিও করেছে। যে বিনিয়োগের তথ্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, তা স্বীকার করেছে এল আর গ্লোবাল। মিউচুয়াল ফান্ড নিয়ে যাঁরা কাজ করেন, তাঁদের সবাই বলছেন, এল আর গ্লোবাল অন্যায় করেছে।