এল কে সিদ্দিকী আর নেই
বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও সাবেক ডেপুটি স্পিকার ইঞ্জিনিয়ার এল কে সিদ্দিকী (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বাংলাদেশ সময় বেলা ১১টায় তিনি মারা যান। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে আসে।
বিএনপির সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশের রাজনীতি থেকে একজন সৎ, ভদ্র ও যোগ্য ব্যক্তি বিদায় নিলেন। তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়। আজ শনিবার রাতে তাঁকে সিঙ্গাপুর থেকে ঢাকায় আনা হবে।
কাল রোববার সংসদ প্লাজায় এল কে সিদ্দিকীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর দ্বিতীয় জানাজা হবে। কাল বিকেল চারটায় সীতাকুণ্ডের গ্রামের বাড়ির সামনে সর্বশেষ জানাজার পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এল কে সিদ্দিকী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার প্রতিমন্ত্রী ও খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য ছিলেন। ১৯৯৬ সালে তিনি জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ছিলেন। সীতাকুণ্ড থেকে তিনবার সাংসদ নির্বাচিত হন। তাঁর মৃত্যুতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন।