এল কে সিদ্দিকী ছিলেন দলমতের ঊর্ধ্বে। তিনি ছিলেন চট্টগ্রামের একজন নিবেদিতপ্রাণ রাজনীতিক। চট্টগ্রামের উন্নয়নেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখেছেন।
গতকাল শনিবার সাবেক পানিসম্পদমন্ত্রী ও বিএনপির নেতা এল কে সিদ্দিকীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। নগরের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এল কে সিদ্দিকীর পরিবার এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।
স্মরণসভায় বক্তব্য দেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম, নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি এম এ তাহের খান, সহসভাপতি এস এম মোরশেদ, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চট্টগ্রাম কেন্দ্রের সভাপতি মানজারে খোরশেদ আলম, রোটারিয়ান ওয়াদুদ উল্লাহ, আমির উজ জামান ভুঁইয়া, দৈনিক আজাদীর ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক, দৈনিক পূর্বদেশ-এর সম্পাদক ওসমান গনি মনসুর প্রমুখ।
মহিউদ্দিন চৌধুরী বলেন, এল কে সিদ্দিকী একজন সৎ ও সত্যবাদী মানুষ ছিলেন। দলমত-নির্বিশেষে সবাইকে তিনি সমান চোখে দেখতেন। তাঁর মৃত্যু দেশের অপূরণীয় ক্ষতি।
সাবেক মেয়র মনজুর আলম বলেন, এল কে সিদ্দিকী ছিলেন দলমতের ঊর্ধ্বে। সব দল ও মতের লোকের কাছে তিনি ছিলেন শ্রদ্ধেয়। তিনি ছিলেন চট্টগ্রামবাসীর জন্য একজন নিবেদিতপ্রাণ রাজনীতিক।