
বিকেলগুলো এখন স্বল্পায়ু। চারটার পর থেকেই ছায়া ঘনিয়ে আসে। পাঁচটায় সন্ধ্যা ছুঁই ছুঁই। হেমন্ত এল। দিন আরও ছোট হয়ে আসবে ক্রমেই। বরাবর এ সময়টায় বৃষ্টি থাকে না। কিন্তু এবার বাজ-বিজলি-বৃষ্টি হানা দিচ্ছে প্রায়ই। বর্ষায় বৃষ্টি ছিল কম। সেই ঘাটতি পুষিয়ে দিতেই যেন প্রকৃতি শরৎকে ভরিয়ে দিয়েছিল ঘন ঘন বৃষ্টিতে। হেমন্তেও সেই বৃষ্টির রেশ। তাই দিন ছোট হয়ে এলেও মেজাজের দিক থেকে এবার হেমন্তের শুরুটা একটু ভিন্নতর।
বড় বড় গানের জলসায় খ্যাতিমান শিল্পীদের পরিবেশনার আগে শিল্পীযশপ্রার্থী নবীন গাইয়েদের যেমন মঞ্চের সামনে শ্রোতাদের হাজির করানোর দায়িত্ব পড়ে, হেমন্তের কাজও যেন তেমনি। মহাপরাক্রমশালী শীত এসে কাঁপন তুলবে হাড়ে, কুয়াশার চাদরে জড়িয়ে আড়াল করবে সূর্যকে, নিসর্গকে মরমর করে ছাড়বে। সেই পরিবেশ-পরিস্থিতি তৈরির প্রারম্ভিক কাজটি করতে হয় হেমন্তকেই। এ কারণে শীতের জন্য হেমন্তের ভূমিকা গুরুতর।
কৃষিনির্ভর আমাদের জনজীবনে হেমন্ত আনন্দ-বেদনার কাব্যের মতো। শুরুতে অভাব-অনটন, শেষটায় সমৃদ্ধির সোনালি উদ্ভাস। বহুকাল থেকে লোকমুখে কার্তিক মাসের উল্লেখ ‘মরা কার্তিক’ বলে। বৃষ্টি-প্লাবনের পর মাঠে সবে বেড়ে উঠছে ফসল। ঘরেও কিছু নেই। আগে অনটন তীব্র হয়ে উঠত এ সময়টায়। এখন অবস্থা অনেক পাল্টেছে। চাষাবাদে সংযোজিত হয়েছে নতুন প্রযুক্তি। নিত্যনতুন জাত চলে আসছে কৃষকের হাতের নাগালে। শীতের জন্য আর অপেক্ষা করতে হচ্ছে না। গরমকালেও কাঁচাবাজারে দিব্যি দেখা মিলছে টমেটো, কপি, বরবটিসহ বিভিন্ন শীতের সবজির। ফলে কার্তিক আর আগের মতো করাল ছায়াপাত করছে না কৃষিজীবীদের জীবনে।
উপরন্তু অগ্রহায়ণ তো পাকা ফসলের ডালা সাজিয়ে আসছেই। মাঠে মাঠে তার প্রস্তুতি চোখে পড়ল এবার ঈদের ছুটিতে গ্রামে যাওয়ার পথে। প্রচুর বর্ষণে গাছপালা সবুজ-সতেজ। ধানখেতে ছড়া বের হয়েছে। রোদে ঝলমল করছে ফসলের মাঠ। কী অসাধারণ লিখেছিলেন জীবনানন্দ, ‘শুয়েছে ভোরের রোদ ধানের উপরে মাথা পেতে/ অলস গেঁয়োর মতো এইখানে কার্তিকের ক্ষেতে;/ মাঠের ঘাসের গন্ধ বুকে তার,—চোখে তার শিশিরের ঘ্রাণ,/ তাহার আস্বাদ পেয়ে অবসাদে পেকে ওঠে ধান।’ এই ধান সমৃদ্ধি আনবে কৃষকের জীবনে। দেশেও।
বাংলার বর্ষা যেমন রবীন্দ্রনাথের, হেমন্তও তেমনি জীবনানন্দের। কিন্তু ফসলশূন্য মাঠের যে রিক্ততা, সেই গোপন ব্যথার বেহালাই বেজেছে জীবনানন্দের পঙিক্তমালায়। অগ্রহায়ণের মাঠে রচিত হবে ভিন্ন এক দৃশ্য। চাষি ধান কেটে নেবে। প্রকৃতি হয়ে উঠবে রুক্ষ। শুকনো খটখটে ধু ধু মাঠের ওপর সকাল-সন্ধ্যায় ভারী হয়ে জমবে কুয়াশা। আবছা, ধোঁয়াটে হয়ে উঠবে দৃশ্যপট। বেলাশেষের নিরুত্তাপ রোদের কিরণ মাঝপথে আটকে যাবে তাতে। গাছগাছালির দীর্ঘ ছায়া পড়বে মাটিতে। মলিন বিমর্ষ হয়ে উঠবে এই সতেজ শাখা-পল্লবগুলো। মনে হবে যেন আদিগন্ত চরাচর ঝিমিয়ে পড়েছে, দীর্ঘ দৌড়ের পর ক্লান্ত, অবসন্ন দৌড়বিদের মতো। তারপর শীত এসে এই অবসন্ন প্রকৃতিকে নিষ্পেষিত করবে কনকনে ঠান্ডায়। উদ্যত হবে জীবনের অনন্য উষ্ণতাকে শুষে নিতে।
দিনের তাপে দিনে দিনে ক্রমাবনতি ঘটবে এখন। সেটিই নিয়ম। প্রকৃতি নিয়ম ধরেই চলতে চায়। সে পথে বাধা আসে লাভ-লোভের বশবর্তী মানুষের তরফ থেকেই। তখন বিরূপ হয়ে ওঠে প্রকৃতি। এর ফল কখনোই ভালো হয় না। নানা দুর্যোগে, দুর্ভোগে তা হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে। সংযত হওয়াটা তাই জরুরি। হেমন্তের সমৃদ্ধি আর তার রোদ-কুয়াশার দ্বন্দ্ব ভরা নিসর্গের সৌন্দর্য টিকিয়ে রাখতে হলে ওই সংযমটুকুও খুব দরকার।