এলআইসিটি কর্মসূচি চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে তথ্যপ্রযুক্তি-বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি ‘এলআইসিটি’ চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের অধীন এই কর্মসূচি পরিচালনা করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)। এই কর্মসূচির প্রশিক্ষণ সহযোগী হিসেবে কাজ করছে আর্নস্ট অ্যান্ড ইয়াং গ্রুপ (ইআই)। বর্তমানে দেশে ৩০ হাজার শিক্ষার্থী এই কর্মসূচির আওতায় রয়েছেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন। উপস্থিত ছিলেন কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবুল কাশেম, বিসিসির নির্বাহী পরিচালক স্বপন কুমার সরকার, ইআইয়ের প্রকল্প পরিচালক কমল খান, বিসিসির যুগ্ম সচিব আবুল কালাম আজাদ, পরিচালক (ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট) মো. এনামুল কবির, পরামর্শক শুভংকর চৌধুরী।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, তথ্যপ্রযুক্তির প্রশিক্ষণ কাজে লাগানো গেলে কক্সবাজার তথ্যপ্রযুক্তির নগরীতে পরিণত হবে।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ফাহমিদা আক্তার বলেন, এই প্রোগ্রামটি কক্সবাজারের কোথাও চালু নেই। এটি চালু হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লাভবান হবেন। কম্পিউটার সায়েন্সে না পড়েও এই প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা আইসিটিতে দক্ষ হয়ে ওঠার সুযোগ পাবেন। প্রতিটি অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থীদের এই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা হবে।