এলইডি বাতিতে আলোকিত হবে চট্টগ্রাম নগরের সড়ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি থেকে টাইগারপাস মোড় পর্যন্ত সড়ক এলইডি বাতির আলোয় আলোকিত হবে। চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি পাইলট প্রকল্পের আওতায় এই এলাকায় ১০০ এলইডি বাতি লাগানো হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি মোড়ে আয়োজিত অনুষ্ঠানে সুইচ টিপে এই প্রকল্পের উদ্বোধন করেন সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের পানি ও বিদ্যুৎ-বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ জাবেদ।
সিটি করপোরেশনের বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, নগরের কাজীর দেউড়ি থেকে ইস্পাহানী মোড় হয়ে টাইগারপাস মোড় পর্যন্ত ১০০ এলইডি বাতি স্থাপন করা হয়েছে। প্রতিটি বাতি স্থাপনে খরচ হয়েছে ৪৯ হাজার টাকা। মোট ব্যয় হচ্ছে ৪৯ লাখ টাকা। পাইলট প্রকল্পের আওতায় সিটি করপোরেশনের নিজস্ব অর্থায়নে এসব বাতি লাগানো হয়।
সিটি করপোরেশন সূত্র জানায়, পাইলট প্রকল্পের আওতায় ৭৮ ওয়াটের ৬০টি এবং ১১৫ ওয়াটের ৪০টি এলইডি বাতি লাগানো হয়েছে। আগে এই এলাকায় ১৫০ ওয়াটের সোডিয়াম বাতি ছিল। নতুন বাতিগুলোর ওয়াট কম হলেও আলো সোডিয়াম বাতির চেয়ে বেশি হবে।
পাইলট প্রকল্পের উদ্বোধনের আগে গতকাল দুপুরে চট্টগ্রাম ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন সিটি করপোরেশনের পানি ও বিদ্যুৎ-বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর মোহাম্মদ জাবেদ। সভা চলাকালে উপস্থিত হন মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় তিনি এই প্রকল্প নিয়ে আলোচনা করেন।
মেয়র বলেন, পুরো চট্টগ্রাম নগরকে এলইডি বাতির মাধ্যমে আলোকিত করা হবে। এ জন্য বিভিন্ন দেশের কয়েকটি কোম্পানির সঙ্গে আলোচনা চলছে। কোম্পানিগুলোই নিজেদের খরচে এই প্রকল্প বাস্তবায়নে আগ্রহী। এতে সিটি করপোরেশনের এক টাকাও খরচ হবে না। মেয়র জানান, এলইডি বাতি লাগানো হলে বিদ্যুৎ বিল প্রায় ৭৫ শতাংশ কমে আসবে।
মোহাম্মদ জাবেদ বলেন, সড়ক বাতি যদি ঠিক না থাকে তাহলে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম বাধাগ্রস্ত হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী ও কাউন্সিলর মো. গিয়াস উদ্দিন এবং বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহফুজুল হক।