এলএনজি আমদানির প্রকল্প নানা জটিলতায় পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের ‘ফার্স্ট ট্র্যাক’ কর্মসূচিভুক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রকল্প নানা জটিলতায় পড়েছে। এর মধ্যে এলএনজির উৎস এখনো নিশ্চিত নয়। এ ছাড়া টার্মিনাল স্থাপনকারী কোম্পানি কর রেয়াত এবং নতুন করে ‘জিও-টেকনিক্যাল’ জরিপ করার পর তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চাইছে।
অবশ্য সরকার দুই বছরের মধ্যে এলএনজি আমদানি করতে চায়। এ লক্ষ্যে আলোচনার জন্য ঠিকাদার কোম্পানি যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি-এস্ট্রাওয়েলকে আগামী ৫ মে ঢাকায় আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জানতে চাইলে এলএনজি প্রকল্প বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, আলোচনার প্রক্রিয়া শেষ করে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে এক্সিলারেট-এস্ট্রাওয়েলের সঙ্গে চুক্তি সই করা হবে। ২০১৬ সালের এপ্রিলে এলএনজি সরবরাহ শুরু করা হবে। সরকার এই লক্ষ্য নির্ধারণ করে অগ্রসর হচ্ছে।
তবে জ্বালানি মন্ত্রণালয় সূত্র জানায়, সরকার এই লক্ষ্য নির্ধারণ করলেও এলএনজির উৎস, অর্থাৎ কোথা থেকে আমদানি করা যাবে, তা এখনো নিশ্চিত নয়। ২০১১ সালের জানুয়ারিতে কাতার সরকারের সঙ্গে মন্ত্রণালয় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছিল। তাতে সেখান থেকে প্রতিদিন ৫০ কোটি ঘনফুট গ্যাসের সমপরিমাণ (বছরে প্রায় ৪০ লাখ মেট্রিক টন) এলএনজি আমদানির কথা ছিল। তবে অনেক আগেই ওই এমওইউর মেয়াদ বাড়ানো দরকার ছিল। সে উদ্যোগ নেওয়া হলেও এখনো মেয়াদ বাড়ানো হয়নি। প্রায় ছয় মাস আগে কাতার সরকার আরবি ভাষায় লেখা একটি প্রস্তাব পাঠিয়েছিল। মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে বাংলা ভাষায় তার জবাব দেওয়ার। কিন্তু এখনো তা লিখে পাঠানো হয়নি। এলএনজির বিকল্প উৎসও সরকারের ভাবনায় নেই।
সূত্র জানায়, ভাসমান টার্মিনাল ও পুনঃ গ্যাসে রূপান্তরকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনে ঠিকাদার যন্ত্রপাতি আমদানির জন্য কর দিতে চায় না। এ ছাড়া ২০১২ সাল থেকে তারা সরকারের সঙ্গে প্রায় সব মৌলিক বিষয়ে আলোচনার মাধ্যমে টার্মিনাল স্থাপনে রাজি হলেও এখন বলছে, মহেশখালীতে নতুন করে ‘জিও-টেকনিক্যাল’ জরিপ না করে তারা টর্মিনাল স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারছে না। টার্মিনাল ব্যবহারের জন্য টোল কত হবে, তা-ও এখনো নিষ্পত্তি হয়নি।
মন্ত্রণালয় সূত্র আরও জানায়, এসব বিষয়ে আগামী ৫ মের বৈঠকে আলোচনা হবে। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের জন্য সরকার বিশেষ আইনের আশ্রয় নেবে। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ নিশ্চিত করতে ২০১০ সালে জাতীয় সংসদে ওই আইন পাস হয়। ওই আইনে প্রচলিত সরকারি ক্রয়ের দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ না করে আগ্রহী কোম্পানির সঙ্গে আলোচনার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের বিধান রয়েছে।
গত পাঁচ বছরে গ্যাস উত্তোলন প্রায় ৯০ কোটি (৯০০ মিলিয়ন) ঘনফুট বাড়ানোর পরও ক্রমবর্ধমান চাহিদা পূরণ না হওয়ায় সরকার দ্রুত এলএনজি আমদানির জন্য আইনটি প্রয়োগ করতে চাইছে। তবে মহেশখালী থেকে চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইন স্থাপনের সময়সাপেক্ষ ও ব্যয়বহুল কাজটিও পড়ে আছে।