এলএনজি টার্মিনাল স্থাপনে চুক্তি সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির জন্য কক্সবাজারের মহেশখালীতে দেশের প্রথম টার্মিনাল স্থাপনের চূড়ান্ত চুক্তি সই হবে আগামীকাল সোমবার। কাল বিকেলে পেট্রোবাংলা ও ঠিকাদার কোম্পানি-যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জি লিমিটেডের মধ্যে এই চুক্তি সই হচ্ছে।

এলএনজি টার্মিনাল হিসেবে কথিত এই অবকাঠামোটির পূর্ণাঙ্গ নাম-ভাসমান টার্মিনাল ও পুনঃগ্যাসে রূপান্তরকরণ ইউনিট। ইংরেজি আদ্যাক্ষরে এফএসআরইউ। জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বহুমুখী জ্বালানি ব্যবহারের কৌশল হিসেবে সরকার ২০১০ সালে এলএনজি আমদানির উদ্যোগ নেয়। তখন লক্ষ্য স্থির করা হয়েছিল ২০১৩-১৪ সালে আমদানি শুরু করার। এখন ২০১৭ সালের শেষ নাগাদ তা চালু হতে পারে।

পেট্রোবাংলার সূত্রে জানা গেছে, এই প্রকল্প আরও আগে বাস্তবায়িত হওয়ার কথা ছিল। দরকারও ছিল। কিন্তু এ ধরনের প্রকল্প বাস্তবায়নে অনভিজ্ঞতার কারণে বিলম্ব হয়েছে। চুক্তি সইয়ের পরবর্তী ১৮ মাসের মধ্যে প্রকল্পের কাজ শেষ ও টার্মিনালের মাধ্যমে গ্যাস সরবরাহ শুরু হওয়ার কথা।

কাতার থেকে আমদানি করা এলএনজি এই টার্মিনালের মাধ্যমে পুনরায় গ্যাসে রূপান্তর করে পাইপ লাইনের মাধ্যমে বিতরণের জন্য পেট্রোবাংলার অঙ্গ প্রতিষ্ঠান জিটিসিএল (গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড) মহেশখালী থেকে চট্টগ্রাম পর্যন্ত প্রায় ৮৬ কিলোমিটার পাইপ লাইন স্থাপনের কাজ করছে। আগস্ট মাসের মধ্যে এই কাজ শেষ হবে বলে জিটিসিএল সূত্র জানায়।

প্রতিদিন ৫০ কোটি ঘনফুট গ্যাসের সমপরিমাণ (বছরে প্রায় ৪০ লাখ মেট্রিক টন) এলএনজি আমদানির জন্য ২০১১ সালের জানুয়ারিতে কাতার সরকারের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে। সেটি এখনো কার্যকর রয়েছে।

বিশ্বব্যাপী জ্বালানির দাম কমে যাওয়ায় এলএনজি রপ্তানির ব্যাপারে কাতারসহ অনেক দেশই আগ্রহী। ২০১০ সালে যখন এলএনজি আমদানির উদ্যোগ নেওয়া হয় তখন বিশ্ববাজারে প্রতি ইউনিট (এক হাজার ঘনফুট) গ্যাসের সমপরিমাণ এলএনজির দাম ছিল প্রায় ১৪ মার্কিন ডলার। এখন তা কমে সাত-আট ডলার হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নের জন্য সরকার বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ নিশ্চিত করা-সংক্রান্ত বিশেষ আইনের আশ্রয় নিচ্ছে। ওই আইনে দরপত্রের মাধ্যমে প্রচলিত সরকারি ক্রয়ের দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ না করে আগ্রহী কোম্পানির সঙ্গে আলোচনার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের বিধান রয়েছে।