এলএনজি থেকে গ্যাস সরবরাহ ২০১৮ সালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পুনরায় গ্যাসে রূপান্তর করে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হবে ২০১৮ সালের গোড়ার দিকে। এই লক্ষ্য নিয়ে কক্সবাজারের মহেশখালীতে দেশের প্রথম ভাসমান টার্মিনাল ও পুনরায় গ্যাসে রূপান্তরকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনে দুটি চূড়ান্ত চুক্তি সই হয়েছে।
গতকাল সোমবার পেট্রোবাংলা ও ঠিকাদারি কোম্পানি এক্সিলারেট এনার্জি বাংলাদেশের মধ্যে এই চুক্তি সই হয়। এক্সিলারেট এনার্জি ‘নির্মাণ, স্বত্ব সংরক্ষণ, পরিচালন ও হস্তান্তর’ বা ‘বিওওটি’র ভিত্তিতে এই প্রকল্পের অবকাঠামো নির্মাণ ও পরিচালনা করবে। এ জন্য প্রয়োজনীয় অর্থ (প্রায় ১৫০ কোটি মার্কিন ডলার) বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে এটি হবে যুক্তরাষ্ট্রের সরাসরি বিনিয়োগে (এফডিআর) বাস্তবায়িত অন্যতম বড় প্রকল্প।
চুক্তি অনুযায়ী ভাসমান টার্মিনালটি হবে প্রায় ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার এলএনজি ধারণক্ষমতাসম্পন্ন। এখান থেকে দৈনিক ৫০ কোটি (৫০০ মিলিয়ন) ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। এ জন্য এলএনজি আমদানিতে সরকারের ব্যয় হবে বছরে ১৪৮ কোটি ডলার। আর টার্মিনাল ব্যবহারের জন্য ঠিকাদারি কোম্পানিকে বছরে দিতে হবে ৯ কোটি ডলার। অন্যদিকে সরকার এখান থেকে অগ্রিম আয়কর (এআইটি) ও মূসক বাবদ বছরে পাবে ২ হাজার ২৫৪ কোটি টাকা।
দেশে গ্যাসের বিদ্যমান দামের তুলনায় আমদানি করা এলএনজি থেকে পাওয়া গ্যাসের দাম অনেকটাই বেশি পড়বে। তবে এই গ্যাস ও দেশের গ্যাসের দাম সমন্বয় করে একটি অভিন্ন দাম নির্ধারণ করা হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, ভাসমান টার্মিনাল স্থাপন ও এলএনজি আমদানি এখন বাস্তবায়ন পর্যায়ে প্রবেশ করল। নির্ধারিত সময়ে এই প্রকল্প বাস্তবায়ন করতে পারলে সংশ্লিষ্টদের বোনাস দেওয়া হবে বলে তিনি ঘোষণা করেন। আর জ্বালানি ব্যবহারে দক্ষতা বাড়িয়ে দাম সাশ্রয়ের সুযোগ নেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে অর্থনীতির চাকা সচল রাখতে আরও অনেক গ্যাস দরকার হবে। সে জন্য দেশে আরও দুটি ভাসমান এবং দুটি স্থলভিত্তিক—মোট চারটি এলএনজি টার্মিনাল স্থাপনের প্রক্রিয়া চলমান আছে।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশে প্রথম ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণ করছে যুক্তরাষ্ট্রের একটি কোম্পানি এবং যুক্তরাষ্ট্রেরই বিনিয়োগে। এটা যুক্তরাষ্ট্রের জন্য গর্বের বিষয়।
জ্বালানিসচিব নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ। এক্সিলারেট এনার্জির প্রধান উন্নয়ন কর্মকর্তা ড্যানিয়েল বুসটোসও অনুষ্ঠানে বক্তব্য দেন।