যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানের সঙ্গে আগামী সপ্তাহে পেট্রোবাংলার আবার বৈঠক
এলএনজি দ্রুত আমদানি হবে বিশেষ আইনের আওতায়
সরকার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) দ্রুত আমদানি করবে বিশেষ আইনের আওতায়। এলএনজি আমদানির জন্য ভাসমান টার্মিনাল স্থাপনের বিষয়ে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এক্সিলারেট এস্ট্রাওয়েলের সঙ্গে পেট্রোবাংলার এক দফা আলোচনা হয়েছে। আগামী সপ্তাহে আবার আলোচনা হবে বলে জানা গেছে।
এ ক্ষেত্রে সরকার ‘বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ আইন, ২০১০’ প্রয়োগ করবে। ওই বিশেষ আইনে প্রচলিত সরকারি ক্রয়ের দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ না করে যেকোনো প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার (নেগোসিয়েশন) মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের বিধান রয়েছে। আইনটির আওতায় ভাড়াভিত্তিক ও দ্রুত ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হয়েছে।
গত পাঁচ বছরে গ্যাস উত্তোলন প্রায় ৬৫ কোটি (৬৫০ মিলিয়ন) ঘনফুট বাড়ানোর পরও ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণ না হওয়ায় সরকার দ্রুত এলএনজি আমদানির জন্য আইনটি প্রয়োগ করতে চাইছে। ইতিমধ্যে এলএনজি আমদানি প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন (ফাস্ট ট্র্যাক) কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ‘ফাস্ট ট্র্যাক প্রজেক্ট মনিটরিং কমিটি’র সভায় প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের রূপরেখা অনুমোদন করা হয়।
প্রধানমন্ত্রী ৬ ফেব্রুয়ারি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে গিয়ে প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দেন। ৮ ফেব্রুয়ারি জ্বালানি মন্ত্রণালয়ে প্রকল্পটি নিয়ে সভা হয়। এরপরই যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটিকে আলোচনার জন্য ডাকা হয়।
জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, এলএনজি দ্রুত আমদানির জন্য বিশেষ আইন প্রয়োগের দরকার আছে। এক্সিলারেট এস্ট্রাওয়েলের সঙ্গে যত দ্রুত সম্ভব আলোচনা সম্পন্ন করা হবে। তাঁদের সঙ্গে সমঝোতা না হলে অন্য কোনো কোম্পানিকে আলোচনায় ডাকা হবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, এক্সিলারেট এস্ট্রাওয়েল একটি সুযোগসন্ধানী প্রতিষ্ঠান। বিগত সরকারের আমলেই ভাসমান টার্মিনাল ও পুনঃগ্যাসে রূপান্তরকরণ ইউনিট (এফএসআরইউ) স্থাপনের জন্য প্রতিষ্ঠানটি যোগ্য বিবেচিত হয়। তখন তাঁরা প্রতি ইউনিট এলএনজির জন্য টোল চেয়েছিল ৩৯ মার্কিন সেন্ট। কিন্তু আলোচনায় এসে টোল হাঁকে ৭০ সেন্ট। এ ছাড়া বিগত সরকারের শেষ দিকে তাঁরা প্রকল্প বাস্তবায়নে অনাগ্রহ দেখালেও বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আবার আগ্রহ দেখায়। এবার আলোচনায় টোল বেশি না চাইলেও ২০ লাখ ডলার পারফরম্যান্স গ্যারান্টি দিতে রাজি হচ্ছে না। ফলে তাঁরা যে প্রকল্পটি সরকারের চাহিদামতো বাস্তবায়ন করবে, সে নিশ্চয়তা পাওয়া যায় না।
২০১১ সালের জানুয়ারিতে কাতার সরকারের সঙ্গে জ্বালানি মন্ত্রণালয় একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করে। তাতে ওই দেশ থেকে প্রতিদিন ৫০ কোটি ঘনফুট গ্যাসের সমপরিমাণ (বছরে প্রায় ৪০ লাখ মেট্রিক টন) এলএনজি আমদানির নিশ্চয়তা পাওয়া যায়। এ ছাড়া মহেশখালীর টার্মিনাল থেকে দেশের মূল ভূখণ্ডে গ্যাস আনার জন্য চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত প্রায় ৯১ কিলোমিটার পাইপলাইন নির্মাণের জন্য পেট্রোবাংলার অধীন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) জরিপ শেষ করে। পরামর্শকের মাধ্যমে বাছাই করা চারটি প্রতিষ্ঠানের কাছে দরপ্রস্তাবের জন্য অনুরোধপত্র (আরএফপি) পাঠানো হয়। এর মধ্যে সর্বনিম্ন (৩৯ সেন্ট) ছিল এক্সিলারেট এস্ট্রাওয়েলের দরপ্রস্তাব। কিন্তু আলোচনায় এসে তাঁরা বেশি দাম চায়। বিষয়টি সেখানেই থেমে ছিল।
এরপর ভারতীয় সরকারি প্রতিষ্ঠান ‘গ্যাস অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড (গেইল)’ প্রস্তাব দেয়। তাতে বলা হয়, পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার ও উত্তর-পূর্ব ভারতে গ্যাস সরবরাহের জন্য তাঁরা পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দরের কাছাকাছি একটি এফএসআরইউ স্থাপন করবে। সেখান থেকে বাংলাদেশও গ্যাস নিতে পারে। মন্ত্রণালয় সূত্র জানায়, প্রস্তাবটি নিয়ে এতদিন আলোচনা না থাকলেও সরকার এখন বিষয়টি নিয়ে ভাবছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকার কুতুবদিয়ায় স্থলভিত্তিক একটি টার্মিনাল স্থাপনের কথাও ভাবছে। চীনের একটি সরকারি প্রতিষ্ঠান এই টার্মিনাল স্থাপনে আগ্রহ দেখিয়েছে। মন্ত্রণালয় প্রতিষ্ঠানটিকে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বলেছে।
এলএনজির আমদানি ও ব্যবহার সম্পর্কে জানতে চাইলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি ম. তামিম বলেন, এলএনজির একমাত্র সমস্যা দাম। দেশে যেখানে প্রতি ইউনিট গ্যাসের গড় দাম এক দশমিক ৮ ডলার, সেখানে ১৫ ডলারের গ্যাস কীভাবে ব্যবহার করা সম্ভব। তিনি বলেন, এখন দাম আরও বাড়ছে। ভারত স্পট মার্কেট থেকে জানুয়ারিতে ১৭ ও ফেব্রুয়ারিতে ১৮ ডলার দামে কিনেছে। মার্চে তা ১৯ ডলার হবে। তবে ভারত দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে কাতার থেকে এখনো ১৪ ডলারে পাচ্ছে। ভবিষ্যতে তাও বাড়বে।