এলএনজি যুগের শুরু ১৩ বছরের পুরোনো জাহাজে

আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহ শুরু হবে। এর মধ্য দিয়ে দেশে শুরু হচ্ছে এলএনজির যুগ। তীব্র গ্যাস-সংকটের সমাধানে এলএনজি আশার কথা শোনালেও ১৩ বছরের পুরোনো এলএনজি জাহাজ নিয়ে প্রশ্ন উঠেছে। এতে সরকারের আর্থিক ক্ষতি হবে প্রায় সাড়ে আট হাজার কোটি টাকা।
গতকাল মঙ্গলবার দুপুরে যুক্তরাষ্ট্রের জ্বালানি কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনাল জাহাজটি কক্সবাজারের মহেশখালীতে পৌঁছেছে। ২০০৫ সালে নির্মিত জাহাজটি ১৩ বছরের পুরোনো। মহেশখালী ভাসমান টার্মিনাল থেকে ৯১ কিলোমিটার পাইপলাইন হয়ে চট্টগ্রামের আনোয়ারায় জাতীয় গ্রিডে ওই গ্যাস যোগ হবে। এ জাহাজ থেকে প্রতিদিন ৪৬ কোটি ঘনফুট গ্যাস আগামী ১৫ বছর ধরে সরবরাহ করা হবে।
প্রতিদিন ২৭০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করে রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা। দেশে গ্যাসের চাহিদা এর চেয়ে অনেক বেশি। গ্যাসের অভাবে দেশের শিল্পকারখানা পুরোদমে উৎপাদনে যেতে পারছে না। দেশের তীব্র গ্যাস-সংকটের সমাধানে সরকার এলএনজি আমদানির পরিকল্পনা করে। চলতি বছরের শেষ নাগাদ মহেশখালী থেকে দেশের বেসরকারি উদ্যোক্তা সামিট গ্রুপের ভাসমান এলএনজি টার্মিনাল থেকে দিনে ৫০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হবে। ধারণা করা হচ্ছে, এলএনজি আমদানি শুরু হলে তীব্র গ্যাস-সংকটে ভুগতে থাকা দেশের শিল্পকারখানা কিছুটা গতি পাবে।
এক্সিলারেট এনার্জির টার্মিনাল জাহাজটির ধারণক্ষমতা ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার। জাহাজটিতে গ্যাস এসেছে ১ লাখ ৩৩ হাজার ঘনমিটার।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, সাগরে ভাসমান এলএনজি টার্মিনালের জাহাজের আয়ুষ্কাল ধরা হয় ৩০ বছর। ৩ থেকে ৫ বছর পরপর জাহাজ সংস্কারের প্রয়োজন পড়ে। সে ক্ষেত্রে ১৩ বছরের পুরোনো জাহাজটির স্বাভাবিক আয়ুষ্কাল আছে আর ১৭ বছর। জাহাজের ভাড়া, সেবা ও অন্যান্য খরচ মিলিয়ে সরকার প্রতিবছর এক্সিলারেট এনার্জিকে দেবে ৭২০ কোটি টাকা। ১৫ বছরে এ বাবদ দিতে হবে ১০ হাজার ৮০০ কোটি টাকা। অথচ এ রকম একটি জাহাজের মূল্য ২ হাজার ৪০০ কোটি টাকা।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গত রোববার প্রথম আলোকে বলেন, জাহাজটি ২০০৫ সালে নির্মিত, এটি সত্য। চুক্তিকালে জাহাজের মূল্য আলাদা করে ধরা হয়নি। এলএনজি আমদানির দীর্ঘসূত্রতার কারণে জাহাজের বয়স এমনিতেই বেড়ে গেছে।
জ্বালানি বিভাগ সূত্রে জানা গেছে, দেশে প্রথম ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণে আন্তর্জাতিক দরপত্র ডাকা হয়। তবে শেষ পর্যন্ত বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইনের অধীনে যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে দরপত্র ছাড়াই ২০১৬ সালের ১৮ এপ্রিল চুক্তি করা হয়। চুক্তির সময় জাহাজটির মূল্য আলাদা করে না ধরায় ১৩ বছরের পুরোনো এ জাহাজ যুক্তরাষ্ট্রের কোম্পানি সহজেই গছিয়ে দিতে পেরেছে বাংলাদেশকে।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা অধ্যাপক এম শামসুল আলম প্রথম আলোকে বলেন, এলএনজির মূল্যের একটি বড় অংশ পরিশোধ করা হবে গ্যাস উন্নয়ন তহবিলের অর্থ দিয়ে। বিদেশি কোম্পানির ওপর থেকে জ্বালানি নির্ভরতা কমিয়ে সরকারি প্রতিষ্ঠান বাপেক্স যাতে কম দামে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন করতে পারে, সেই জন্য এ তহবিল করা হয়েছিল। অথচ সম্পূর্ণ উল্টো খাতে এ অর্থ ব্যয় হচ্ছে, যাতে বিদেশি কোম্পানির ওপর নির্ভরশীলতা আরও বাড়বে।
এলএনজি সরবরাহ শুরুর আগেই গ্যাস বিতরণ কোম্পানিগুলো বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। গড় মূল্যবৃদ্ধির প্রস্তাবে প্রতি ঘনমিটার গ্যাস ৭ টাকা ৩৯ পয়সা থেকে বাড়িয়ে ১২ টাকা ৯৫ পয়সা করার কথা বলা হয়েছে। এ মূল্যবৃদ্ধির হার ৭৫ শতাংশ। গণশুনানির জন্য প্রস্তাবটি যাচাই-বাছাই চলছে। এর আগে গত বছর সর্বশেষ দুই দফায় মোট ২২ শতাংশ হারে গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়।