এলএলবির নম্বরপত্রে অসংগতি, বিপাকে পরীক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন এলএলবি প্রথম পর্বের পরীক্ষার ফলাফলের নম্বরপত্রে অসংগতি থাকায় দিনাজপুর আইন কলেজের ৮২ জন শিক্ষার্থী শেষ পর্বের পরীক্ষার ফরম পূরণ করতে গিয়ে বিপাকে পড়েছেন।নম্বরপত্র পর্যালোচনা করে দেখা যায়, দিনাজপুর আইন কলেজ থেকে ২০০৯-২০১০ শিক্ষাবর্ষে ৮২ জন শিক্ষার্থী এলএলবি প্রথম পর্বের সাতটি বিষয়ে মোট ৭০০ নম্বরের পরীক্ষা দেন। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে নম্বরপত্রের ছক পাঠানো হয়েছে তাতে ছয়টি বিষয় ও প্রতিটি বিষয়ে প্রাপ্ত নম্বর আলাদা ঘরে ছাপার অক্ষরে উল্লেখ আছে। এর নিচে ‘সপ্তম বিষয়—ফিসক্যাল ল’ কলম দিয়ে লিখে উল্লেখ করা হলেও এই বিষয়ে পরীক্ষার্থী কত নম্বর পেয়েছেন, তা উল্লেখ করা হয়নি। আবার মোট প্রাপ্ত নম্বরের ঘরে যে নম্বর উল্লেখ করা হয়েছে তা হিসাব করলে দেখা যায়, সেই নম্বরের সঙ্গে উল্লিখিত ছয়টি বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের মিল নেই। অর্থাৎ ধরে নিতে হবে উল্লিখিত মোট নম্বর সাতটি বিষয়ের পাওয়া নম্বরের যোগফল। জাকিয়া তাবাসসুম নামের এক শিক্ষার্থী বলেন, গত বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে নম্বরপত্রগুলো কলেজে আসে। ওই দিনই কর্তৃপক্ষ এগুলো শিক্ষার্থীদের হাতে তুলে দেন। এ সময় নম্বরপত্রে ভুল এবং হাতে লেখা সংশোধন দেখে শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। শিক্ষার্থীরা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ভুল সংশোধন করে নম্বরপত্র সরবরাহ করা না হলে পরে চাকরি এবং আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার ক্ষেত্রে সমস্যা হবে। কলেজের অধ্যক্ষ এ আর মোস্তাজি শিক্ষার্থীদের অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে শিগগিরই লিখিতভাবে জানানো হবে।