এলজিইডি ও পৌর কর্তৃপক্ষের রশি-টানাটানিতে জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরে দেড় কিলোমিটার সড়কের সংস্কারকাজ নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও পৌরসভা কর্তৃপক্ষের মধ্যে এক বছর ধরে রশি-টানাটানিতে জনদুর্ভোগ বেড়ে গেছে।
সড়কটি সংস্কারে এলজিইডি ও পৌরসভা কর্তৃপক্ষ কোনো উদ্যোগ না নেওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও এলজিইডি সূত্র জানায়, উপজেলা সদর থেকে চিলাউড়া পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের মধ্যে সাড়ে আট কিলোমিটার অংশ গত বছরের জুন মাসে এলজিইডি ৫৫ লাখ টাকা ব্যয়ে সংস্কারকাজ করে। তবে জগন্নাথপুর পৌরসভার অংশের দেড় কিলোমিটারে কোনো কাজ করেনি এলজিইডি।
জগন্নাথপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র কামাল উদ্দিন জানান, জনদুর্ভোগের কথা বিবেচনা করে পৌরসভার পক্ষ থেকে কিছু সংস্কারকাজ করা যেত।
এলজিইডির সড়ক হলেও অতীতে পৌরসভা ওই সড়কে কিছু সংস্কারকাজ করেছে। নাগরিক দুর্ভোগে পৌর কর্তৃপক্ষ দায় এড়াতে পারে না।
পৌর এলাকার যাত্রাপাশা গ্রামের বাসিন্দা বকুল গোপ জানান, পৌরসভা ও এলজিইডির রশি-টানাটানিতে সড়কের বেহাল দশা। ওই সড়ক দিয়ে এখন রিকশাও যেতে চায় না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) জগন্নাথপুর কার্যালয়ের প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, ‘নিয়মানুয়ায়ী পৌরসভার অংশের কাজ পৌরসভা করবে। তাই আমরা পৌরসভার অংশে কাজ করিনি। এখন সাংসদের নির্দেশে আমরা পৌরসভা অংশের সংস্কারকাজ করার চেষ্টা করছি।’
জগন্নাথপুর পৌরসভার মেয়র আক্তার হোসেন বলেন, ‘এলজিইডির সড়ক হিসেবে সব সময় ওই সড়কের কাজ তারাই করে এসেছে। আর্থিক দৈন্যতার কারণে দেড় কিলোমিটার সড়কের কাজ করার মতো অবস্থা আমাদের নেই।’
এ প্রসঙ্গে সুনামগঞ্জ-৩ আসনের সাংসদ এম এ মান্নান প্রথম আলোকে জানান, ‘পৌরসভার অংশের কাজ পৌর কর্তৃপক্ষ না করায় জনদুর্ভোগের বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে এলজিইডি কর্তৃপক্ষকে জরুরি ভিত্তিতে কাজ করতে ডিও লেটার দিই। বৃষ্টি কমলেই তারা কাজ শুরু করবে বলে কথা দিয়েছে।’