এলজিইডি ওয়েবসাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশের জেলা ও উপজেলার সার্বিক মানচিত্রসহ এলজিইডি ওয়েবসাইটের উদ্বোধন করেছেন। গতকাল রোববার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি এই ওয়েবসাইটের উদ্বোধন করেন। খবর বাসসের।প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের এ কথা জানান। তিনি জানান, এই ওয়েবসাইটের মাধ্যমে দেশের যেকোনো স্থান থেকে যে কেউ যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য ও মানচিত্র ডাউনলোড করতে পারবেন। এতে একদিকে প্রশাসনের কাজকর্মে সুবিধা হবে, অন্যদিকে মানুষও সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। নতুন এই ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে: www.lged.gov.bd/viewmap.aspx। তিন বছরের বেশি সময় ধরে এলজিইডির প্রকৌশলী ও আইটি বিশেষজ্ঞরা কঠোর পরিশ্রম করে জেলা ও উপজেলার মানচিত্র উন্মুক্ত করে এই ওয়েবসাইট তৈরি করেছেন। এই মানচিত্রে প্রশাসনিক সীমানা, প্রশাসনিক সদর দপ্তর, সড়ক যোগাযোগ, গ্রোথ সেন্টার, হাটবাজার এবং শিক্ষা ও আর্থ-সামাজিক প্রতিষ্ঠানের ভৌগোলিক অবস্থানসহ সার্বিক নেটওয়ার্ক অন্তর্ভুক্ত থাকবে।প্রধানমন্ত্রী এ ধরনের ওয়েবসাইট তৈরির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। তিনি উন্নয়ন প্রকল্প গ্রহণকালে পরিবেশ রক্ষার বিষয়টি মনে রাখার জন্য এলজিইডির প্রকৌশলীদের নির্দেশ দিয়ে বলেন, নদ-নদীর নাব্যতা রক্ষা করে সেতু নির্মাণের পরিকল্পনা করতে হবে।