এলজিইডি-সওজ দ্বন্দ্ব সংস্কারকাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাস্তাডার অনেক জায়গায় কার্পেটিং ভাঙা। ইট-বালু ও সুরকি উইট্টা গেছে। ডাইবা রইছে বিভিন্ন অংশ। গোডা রাস্তায় বড় বড় গর্ত। এইডা ঠিক করনেরও কেউ নাই। এলিগা প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এনো গাড়ি চালাইলে শইল্লের কিছু থায়ে না। পেডের ধান্দায় চালাই।’
এসব কথা সিএনজি অটোরিকশাচালক স্বপন মিয়ার (২৫)। চাঁদপুরের মতলব-ছেঙ্গারচর সড়কের বেহাল অবস্থার বর্ণনা করতে গিয়ে তিনি ওই সব কথা বলেন। জানা গেছে, সড়কের মালিকানা নিয়ে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) দ্বন্দ্বে গত দুই বছর ধরে সড়কটির সংস্কার বন্ধ রয়েছে। এলজিইডির চাঁদপুর কার্যালয় সূত্র জানায়, সড়কটি ১৬ দশমিক ৬ কিলোমিটার দীর্ঘ। গত কয়েক বছরে সংস্কার হয়েছে তিন ধাপে। ২০০৩-০৪ অর্থবছরে সড়কের সাড়ে আট কিলোমিটার অংশ সংস্কার করা হয় এক কোটি ৮৫ লাখ টাকায়। ওই বছর আরও সাড়ে তিন কিলোমিটার সড়ক সংস্কার করা হয় ১১ লাখ টাকা ব্যয়ে। ২০১০-১১ অর্থবছরে নয় কিলোমিটার অংশ সংস্কার করা হয় ১৪ লাখ টাকায়। এরপর আর সংস্কার করা হয়নি।
সরেজমিনে দেখা গেছে, সড়কের উত্তর ঠেটালিয়া, লুধুয়া, উত্তর লুধুয়া, গজরা, কাশিমনগর, ছৈয়ালকান্দি, ওটারচরসহ বেশ কয়েকটি অংশে বড় বড় বহু গর্ত। এগুলোয় বৃষ্টির পানি জমে আছে। কার্পেটিং ভেঙে রাস্তা থেকে সরে গেছে ইট, বালু ও খোয়া। দেবে গেছে বেশ কিছু অংশ। এগুলোয় ঝুঁকি নিয়েই চলছে যানবাহন।
এ পথের যাত্রী লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আকতার হোসেন বলেন, ‘এ পথে গাড়িতে উঠলেই ঠেক্কর ঠেক্কর ঝাঁকুনি। রাস্তা খারাপ হওয়ায় সময় ও টাকা দুটোই বেশি লাগে। শুনলাম, সওজ-এলজিইডির দ্বন্দ্বে রাস্তার সংস্কার বন্ধ। দ্বন্দ্বটন্দ বুঝি না, ভালো রাস্তা চাই।’
মতলব-ছেঙ্গারচর অটোরিকশা চালক সমিতি জানায়, গত ছয় মাসে এ পথে অন্তত ৫০টি দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছে পাঁচজন। এলজিইডির চাঁদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মহসিনউদ্দিন আহমেদ ভূঞা বলেন, ‘২০০৩ থেকে ২০১১ সাল পর্যন্ত সড়ক সংস্কারের জন্য মোট ব্যয় হয় দুই কোটি ১০ লাখ টাকা। একাধিক ঠিকাদারি প্রতিষ্ঠান এসব কাজ করে। দুই বছর আগে এটি সওজের গেজেটে অন্তর্ভুক্ত হওয়ায় আমরা আর সংস্কারে যাইনি।’