এলজিইডির আরও পাঁচ প্রকৌশলীকে দুদকে জিজ্ঞাসাবাদ
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানসহ কয়েকজনের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, বদলি-বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানে সংস্থাটির পাঁচ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এই পাঁচ প্রকৌশলী হলেন এলজিইডি সদর দপ্তরের সহকারী প্রকৌশলী এ এফ এস কে নজরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শহিদুর রহমান প্রামাণিক, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মহসীন, প্রকল্প পরিচালক (সিডিএসপি-৪) মোহাম্মদ রেজাউল করিম ও উপজেলা প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান।
আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন শিবলী তাঁদের জিজ্ঞাসাবাদ করেন।
গতকাল আরও তিন প্রকৌশলী এলজিইডি সদর দপ্তরের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মো. জহুরুল আলম মণ্ডল, সহকারী প্রকৌশলী আতিয়ার রহমান ও এ এফ এস কে মো. নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে দুদক। অনুসন্ধানের বিষয়ে তাঁদের বক্তব্য নিয়েছে রাষ্ট্রীয় দুর্নীতি দমন কাজে নিয়োজিত রাষ্ট্রীয় সংস্থাটি।