এলজিইডির কর্মচারী ২১ দিন ধরে নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোনে ডেকে নেওয়ার পর ১৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন পটুয়াখালী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হিসাব সহকারী মাইদুল ইসলাম। এ ঘটনায় ৩ জুলাই প্রথমে সাধারণ ডায়েরি (জিডি) ও ৯ জুলাই সদর থানায় অপহরণ মামলা করেছেন স্ত্রী রীমা খাতুন।মাইদুলকে মুঠোফোনে ডেকে নেওয়ার সূত্র ধরে পুলিশ ৮ জুলাই মামলার প্রধান আসামি সার্কিট হাউসের বাবুর্চি হানিফকে (৩৫) গ্রেপ্তার করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুয়ায়ী ঘটনার সঙ্গে জড়িত চার সহযোগীর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন স্বপন মৃধা (২৮), সোহেল সিকদার (২৭) এবং শামীম খন্দকার (৩২)। তবে অপর সহযোগীর নাম বলেনি পুলিশ। রীমা খাতুন ও পুলিশ সূত্র জানায়, গত বছর তাঁদের একমাত্র মেয়ে মেধার আকিকা অনুষ্ঠানে হানিফ বাবুর্চির সঙ্গে পরিচয় হয়। তাঁর সঙ্গে অনেক কর্মকর্তার পরিচয় রয়েছে জানিয়ে মাইদুলের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার প্রস্তাব দেন হানিফ। চাকরির জন্য চার লাখ টাকা দাবি করা হয়। চাকরি পেতে রীমা এবং মাইদুল বিভিন্ন সময়ে নগদ ও চেকের মাধ্যমে হানিফকে মোট তিন লাখ ৭০ হাজার টাকা দেন। জুন মাসের মধ্যেই রীমাকে চাকরি দেওয়ার আশ্বাস দেন হানিফ। এদিকে জুন মাসে মাইদুলকে দশমিনায় বদলি করা হয়। স্ত্রীর চাকরি না পাওয়া এবং অন্যত্র বদলি হওয়ায় মাইদুল হানিফ বাবুর্চির কাছে টাকা ফেরত চান। ২৬ জুন টাকা ফেরত দেওয়ার কথা বলে হানিফ মুঠোফোনে মাইদুলকে ডেকে নেন। বিকেল চারটার দিকে টাকা ফেরত আনতে বাসা থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। তবে বাসা থেকে বেরোনোর সময় মাইদুল তাঁর মুঠোফোনটি বাসায় রেখে যান।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, হানিফ ঘটনার সঙ্গে জড়িত চার সহযোগীর নাম পুলিশকে জানায়। পুলিশ তাঁর তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে। রোববার আদালত তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। মাইদুলকে উদ্ধারে পুলিশি অভিযান চলছে।