এলজিইডির গাড়ি ফেরত দিলেন আরও দুজন
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকল্প থেকে নেওয়া গাড়িটি ফেরত দিয়েছেন। গতকাল সোমবার এ বিষয়টি নিশ্চিত করেছে এলজিইডি।
স্থানীয় সরকার-সম্পর্কিত সংসদীয় কমিটির চেয়ারম্যান রহমত আলীও প্রকল্পের গাড়ি ফেরত দিয়েছেন। গতকাল বিকেলে এলজিইডির যানবাহন শাখা গাড়িটি বুঝে নেয়। আগের দিন আরও কয়েকজন গাড়ি ফেরত দিয়েছেন।
গতকাল প্রথম আলোয় ‘মন্ত্রী-উপদেষ্টাদের গাড়িবিলাস’ শিরোনামে প্রধান খবর প্রকাশিত হয়। এতে এলজিইডির বিভিন্ন প্রকল্পের ৭৭টি গাড়ি মন্ত্রী-উপদেষ্টা, সরকারি কর্মকর্তাসহ প্রভাবশালীরা ব্যবহার করছেন বলে উল্লেখ করা হয়।
এলজিইডি সূত্র জানায়, মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য অনেকে ঢাকার বাইরে থাকায় গতকাল গাড়ি ফেরত দিতে পারেননি। অবরোধের কারণেও কেউ কেউ গাড়ি বের করেননি।
প্রবাসী কল্যাণমন্ত্রীর প্রতিবাদ: গতকাল প্রকাশিত খবরে এলজিইডির গাড়ি ব্যবহারকারীদের মধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নাম ছিল। গতকাল মন্ত্রণালয়ের জনসংযোগ শাখার প্রতিবাদপত্রে বলা হয়, মন্ত্রী এলজিইডি থেকে কোনো গাড়ি নেননি। কাজেই ফেরত দেওয়ার প্রশ্নই আসে না।
প্রতিবেদকের বক্তব্য: মন্ত্রণালয় প্রতিবাদ করলেও ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি এলজিইডির অফিস আদেশে মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নামে ওই অধিদপ্তরের একটি জিপ (ঘ-১৩-০২৯৫) বরাদ্দ দেওয়া হয়। এলজিইডির গাড়ি গ্রহণকারীদের তালিকায় তাঁর নাম রয়েছে। এ-সংক্রান্ত তথ্য ও চিঠিপত্র পর্যালোচনা করে দেখা গেছে, মোশাররফ হোসেন সরাসরি এলজিইডি থেকে জিপটি নেননি। সরকারের পরিবহন পুল উন্নতমানের গাড়ি না থাকার কারণ দেখিয়ে জিপটি এলজিইডি থেকে নিয়ে মন্ত্রীকে দিয়েছে। ওই গাড়ির জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ব্যয় এলজিইডির একটি প্রকল্প বহন করছে।