রংপুরের কাউনিয়ায় শিশুসদনের দুটি ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে এবার স্থানীয় সরকার মন্ত্রণালয় রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীসহ চার প্রকৌশলী ও তিন ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রংপুরের জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ মামলা হয়েছে। বিচারক হাসান শহীদ ফেরদৌস মামলাটি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠিয়েছেন।
আদালত সূত্র জানায়, শিশুসদনের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন গত ২২ অক্টোবর আদালতে মামলা দায়েরের পর ২৮ অক্টোবর মামলাটি তদন্তের জন্য দুদক কার্যালয়ে পাঠানো হয়। মামলায় অভিযুক্ত ব্যক্তিরা হলেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি) রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ, কাউনিয়া উপজেলা প্রকৌশলী মজিবর রহমান, উপসহকারী প্রকৌশলী বছির উদ্দিন সরকার, আমিনুল ইসলাম সরকার; ঠিকাদার সাইদুর রহমান, মেসার্স আলম কনস্ট্রাকশনের আলম হোসেন ও লাবু আহমেদ।
প্রসঙ্গত, গত ১৪ জুন প্রথম আলোয় ‘হস্তান্তরের আগেই ঠিকাদারের বিল পরিশোধ: শিশুসদনের ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
রংপুর সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক ও শিশুসদন প্রকল্পের পরিচালক হারুন-অর-রশিদ বলেন, ত্রুটিপূর্ণ এই ভবন নির্মাণের দায়দায়িত্ব এলজিইডি কর্তৃপক্ষের। রংপুর সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের বল্লভ বিশু গ্রামে সমাজসেবা মন্ত্রণালয়ের অর্থায়নে স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগ রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আট কোটি ৭৬ লাখ ৯৭ হাজার ৮৩০ টাকা ব্যয়ে দুটি পাঁচতলা ভবন এবং একটি চারতলা স্কুল কাম প্রশিক্ষণকেন্দ্র নির্মাণে ২০১১ সালের ৪ জানুয়ারি দরপত্র আহ্বান করেন। দরপত্র অনুযায়ী গত বছরের সেপ্টেম্বরে কাজ শেষ করে হস্তান্তর করার কথা থাকলেও কাজে নানা অনিয়মের অভিযোগ ওঠায় সময়মতো ভবন হস্তান্তর করা সম্ভব হয়নি। শেষমেশ চলতি বছরের ১৪ মে ত্রুটিপূর্ণ ভবন হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এলজিইডি রংপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ বলেন, ভবন অনেক আগে হস্তান্তর করা হয়েছে। এরপর এ নিয়ে আর কিছু বলার নেই।