এলজিইডির দুই কার্য সহকারীকে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) কার্যালয়ের দুই কার্যসহকারীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার বিকেলে উপজেলার গাড়াদহ কালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগের এক নেতাসহ চারজনের বিরুদ্ধে শাহজাদপুর থানায় মামলা হয়েছে।
আসামিরা হলেন উপজেলার গাড়াদহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেলিম আক্তার, তাঁর তিন ভাই আশরাফুল ইসলাম, বুলবুল আহমেদ ও আলম মিয়া।
এজাহার ও ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, গাড়াদহ ইউনিয়নের কালিপাড়া এলাকায় এলজিইডির অধীনে একটি সড়কের মেরামতকাজ চলছে। সোমবার বিকেলে সেলিম আক্তারের নেতৃত্বে চারজনের একটি দল কার্যসহকারী মোজাফ্ফর আহমদ ও রেজাউল ইসলামের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় তাঁদের পিটিয়ে আহত করা হয়। মোজাফ্ফরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রেজাউল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
এদিকে বিকেল পাঁচটায় উপজেলার তালগাছি বাজারে বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ করে সেলিম আক্তারের বহিষ্কার দাবি করেন স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। এ সময় প্রায় আধা ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। অবরোধ চলাকালে বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নাসির উদ্দিন, ইউনিয়ন যুবলীগের সভাপতি বাহাদুর মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মান্না প্রমুখ।
জানতে চাইলে অভিযোগ অস্বীকার করে সেলিম আক্তার প্রথম আলোকে বলেন, ‘কাজের মান খারাপ হচ্ছে কেন, এই বিষয়ে জিজ্ঞেস করলে আমার ছোট ভাই বুলবুলের সঙ্গে মোজাফ্ফরের কথা-কাটিকাটি হয়। একপর্যায়ে মোজাফ্ফর বুলবুলকে ঘুষি মারেন। পরে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি হয়। খবর শোনার পর ঘটনাস্থলে আমি যাই। এখানে চাঁদা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না।’
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, এ ঘটনায় কার্যসহকারী রেজাউল বাদী হয়ে চাঁদাবাজি ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।