এলজিইডির দেড় কোটি টাকার কাজ লটারি ছাড়াই বণ্টন
লক্ষ্মীপুরে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) প্রায় দেড় কোটি টাকার দুটি কাজ লটারি ছাড়া অবৈধভাবে পেয়েছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাদের দুটি প্রতিষ্ঠান। এ ঘটনায় গত বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর এলজিইডি কার্যালয় চত্বরে বিক্ষোভ করে দুই প্রকৌশলীর শাস্তি দাবি করেন সাধারণ ঠিকাদারেরা। তবে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের দাবি, তাঁরা কোনো অনিয়ম বা জোর করে কাজটি নেননি। ‘ম্যানেজ’ করে কাজটি পেয়েছেন। জেলা এলজিইডি সূত্র জানায়, জেলার বিভিন্ন সড়ক উন্নয়নের জন্য মোট ৩৩ গ্রুপের কাজের দরপত্র আহ্বান করে লক্ষ্মীপুর এলজিইডি। এসব কাজের দরপত্র দাখিলের শেষ তারিখ ছিল গত ২১ ডিসেম্বর। প্রতিটি কাজ তিন কোটি টাকার নিচে হওয়ায় বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঠিকাদারদের উপস্থিতিতে এসব কাজের লটারি হওয়ার কথা ছিল।ঠিকাদার মো. হাফিজুর রহমান, মো. মামুনুর রশিদ ও বেলায়েত হোসেন বলেন, বৃহস্পতিবার নির্ধারিত সময়ে ৩১ গ্রুপ কাজের লটারি নিয়ম মোতাবেক হলেও দুই গ্রুপের কাজের লটারি না করে তা মেসার্স গোফরান অ্যান্ড ব্রাদার্স ও মেসার্স কাজী কনস্ট্রাকশনস নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়। প্রতিষ্ঠান দুটির সঙ্গে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল গোফরান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ আহাম্মদ পাটওয়ারী, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ইসমাইল হোসেন ও আওয়ামী লীগ নেতা আবদুল মতলব সম্পৃক্ত।ওই দুটি কাজ হচ্ছে সদর উপজেলার কাদিরার গোজা-ভূঁইয়ার হাট সড়ক ও জকসিন-পোদ্দার বাজার সড়কের অংশবিশেষ নির্মাণ। প্রথম কাজটির প্রাক্কলিত ব্যয় এক কোটি ৩৫ লাখ ৯০ হাজার টাকা ও দ্বিতীয়টির ১৬ লাখ ৩৮ হাজার টাকা। হাফিজুর, মামুনুর, বেলায়েতসহ একাধিক ঠিকাদার প্রথম আলোকে বলেন, কাজ দুটি পেতে শতাধিক ঠিকাদার শিডিউল কেনেন। কিন্তু নির্বাহী প্রকৌশলী মো. মোতালেব বিশ্বাস ও জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক অনিয়ম করে কাজ দুটি লটারি ছাড়াই আওয়ামী লীগের নেতাদের দুটি প্রতিষ্ঠানকে দিয়ে দেন। এ জন্য তাঁরা বিক্ষোভ করে ওই দুই কর্মকর্তার শাস্তি দাবি করেন।এ ব্যাপারে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বলেন, সবাইকে ‘ম্যানেজ’ করে কাজ দুটি নেওয়া হয়েছে।জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল গোফরান বলেন, ‘এটা এমন কিছু হয়নি। আলোচনা করে দুটি কাজ নেওয়া হয়েছে।’জেলা আওয়ামী লীগের সভাপতি এম আলাউদ্দিন কাজ দুটির ব্যাপারে কিছু জানেন না বলে দাবি করেছেন। এসব বিষয়ে জানতে চাইলে এলজিইডির জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী এমদাদুল হক বলেন, ‘এসব বিষয়ে নির্বাহী প্রকৌশলী জানেন। তবে ওই দুটি কাজ বণ্টনে তেমন কোনো অনিয়ম করা হয়নি।’অন্যদিকে নির্বাহী প্রকৌশলী মোতালেব বিশ্বাস বলেন, ‘সবকিছু জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী জানেন। এতে আমার কোনো দোষ নেই।’