সেতুর একটি পিলার স্থাপন করতে গিয়ে রীতিমতো পুকুর ভরাট শুরু করার অপরাধে সুনামগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহামঞ্চদ মুনীর চৌধুরী গতকাল বুধবার ওই নির্বাহী প্রকৌশলীকে ঢাকায় তলব করে এ দণ্ড দেন।পরিবেশ অধিদপ্তরের সূত্র জানায়, স্থানীয় সরকার অধিদপ্তরের তত্ত্বাবধানে দিরাই উপজেলার কালনী নদীর ওপর নির্মাণাধীন সেতুর একটি পিলার স্থাপন করতে উপজেলা ভূমি কার্যালয়ের সামনের পুকুর ভরাট করা হচ্ছিল। বালু ফেলে পুকুরের প্রায় চার শতক অংশ ভরাট করে পিলার তৈরির কাজ চলছিল। পুকুরটি উপজেলা ভূমি কার্যালয়ের নিজস্ব সম্পত্তি হলেও ভরাটের জন্য এলজিইডি কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর থেকে অনুমোদন নেয়নি। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) গতকাল সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী ইকবাল আহমদকে ঢাকায় পরিবেশ অধিদপ্তরে তলব করে কঠোর ভাষায় তিরস্কার করে এ দণ্ড দেন।পুকুর-জলাশয় ভরাটে কারাদণ্ডের বিধান রয়েছে বলে তাঁকে জানানো হলে তিনি দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন। ৭ নভেম্বরের মধ্যে পুকুরের ভরাট করা অংশের মাটি অপসারণের জন্য তাঁকে নির্দেশ দেওয়া হলে তিনি তা পালনের লিখিত অঙ্গীকার করেন। বর্তমানে পুকুর ভরাট কার্যক্রম বন্ধ রয়েছে। মোহামঞ্চদ মুনীর চৌধুরী প্রথম আলোকে বলেন, উন্নয়নের নামে কিছু কিছু সরকারি প্রতিষ্ঠান পরিবেশবিধ্বংসী কাজে লিপ্ত হচ্ছে। প্রাকৃতিক জলাশয় রক্ষা করতে না পারলে মরুময়তা দেখা দেবে এবং মৎস্য উৎপাদন হ্রাস পাবে। এসব বাস্তবতা বিবেচনা করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করতে হবে।