এলজিইডির প্রধান প্রকৌশলী পাঁচটি সংবর্ধনা নিলেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের (এলজিইডি) প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাঁচ এলাকায় সংবর্ধনা নিয়েছেন। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে তিনি এসব সংবর্ধনা নেন।সকালে তিনি প্রথম সংবর্ধনা নেন উপজেলার সমিতির হাট বাজারে। এরপর ধর্মপুর ইউনিয়নে। এ সময় তিনি একই ইউনিয়নের চারাবটতল এলাকায় পথসভায় বক্তব্য দেন। দুপুরে সংবর্ধনা নেন ওবাইদিয়া মাদ্রাসায়। বিকেলে সোয়াবিল সিদ্ধাশ্রম এলাকায় সংবর্ধনা নেন তিনি। সর্বশেষ কাঞ্চননগর ইউনিয়নের কাঞ্চুরহাট এলাকায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। এ ছাড়া, তিনি হালদা ভ্যালি চা-বাগানে মধ্যাহ্নভোজে অংশ নেন। সেখানে একটি সড়কের উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। বিকেলে রাঙ্গামাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় বক্তব্য দেন। পথসভাগুলোতেও তিনি প্রধান অতিথি হিসেবেই বক্তব্য দেন।প্রতিটি অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন ফটিকছড়ি এলাকায় বিগত সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম। নির্বাচনে তিনি সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর কাছে হেরে যান। এর আগে ওয়াহিদুর রহমানের ফটিকছড়ি আগমন উপলক্ষে উপজেলার সব জায়গায় পোস্টার লাগানো ও প্রচারণা চালানো হয়। এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উল্লেখ করা হয় এ টি এম পেয়ারুল ইসলামের নাম। পোস্টারে দুজনেরই ছবি ছাপানো হয়। বিভিন্ন সংবর্ধনা অনুষ্ঠানে ওয়াহিদুর রহমান সরকারের ভূয়সী প্রশংসা করে বলেন, ‘বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাস করে। একসময় দেশে উন্নয়ন হতো না। রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসের পৃষ্ঠপোষকতা করা হতো। এখন দেশে বাংলা ভাইদের আধিপত্য নেই। সবখানে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে।’ তিনি ‘এলাকার সন্তান’ এ টি এম পেয়ারুল ইসলামের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।এ ধরনের রাজনৈতিক কর্মসূচিতে একজন সরকারি কর্মকর্তা উপস্থিত থাকতে পারেন কি না, জানতে চাইলে এ টি এম পেয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মাওলানাকেও যদি সেবা কম করা হয়, তাহলে তিনি দোয়া করেন না। ফটিকছড়িতে সরকারি দলের সাংসদ নেই। এ জন্য আমরা তাঁকে একটি সেবা দিয়েছি।’এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য ওয়াহিদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।