এলজিইডির প্রধান প্রকৌশলীকে দুদকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানসহ তিন মুক্তিযোদ্ধা নেতাকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
আজ বুধবার বিকেলে দুদকের উপপরিচালক ফরিদ আহম্মেদ পাটোয়ারী তাঁদের দুদক কার্যালয়ে হাজির হতে নোটিশ পাঠিয়েছেন।
ওয়াহিদুর রহমানকে ২১ অক্টোবর দুদকে হাজির হতে বলা হয়েছে। ওয়াহিদুর রহমানকে মুক্তিযোদ্ধা হিসেবে সুপারিশকারী মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এস এম মতু‌র্জা হোসেন এবং সদস্য মাহবুবুল হক চিশতিকে ২৩ অক্টোবর দুদকে হাজির হতে বলা হয়েছে।
দুদক সূত্র জানায়, চাকরিতে যোগ দেওয়ার সময় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা না দিলেও চাকরির শেষ সময় মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করেন ওয়াহিদুর রহমান। সনদ ব্যবহার করে চাকরির মেয়াদ ২ বছর বাড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে চলতি মাসের শুরুতে অনুসন্ধান শুরু করে দুদক। অনুসন্ধানের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান থেকে নথিপত্র সংগ্রহ করেছে দুদক। অনুসন্ধানের শেষ পর্যায়ে ওয়াহিদুর রহমান এবং তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে সুপারিশকারী দুই মুক্তিযোদ্ধা নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
এ ছাড়া যুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা হিসেবে সনদ দাখিল করে চাকরির মেয়াদ বৃদ্ধির অভিযোগে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হেমায়েত হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। সংস্থার উপপরিচালক মো. জুলফিকার আলীকে গত সোমবার অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।