মুক্তিযোদ্ধা সনদের বিষয়ে জানতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানসহ তিনজনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার বিকেলে দুদকের উপপরিচালক ফরিদ আহম্মেদ পাটোয়ারী তাঁদের দুদক কার্যালয়ে হাজির হতে নোটিশ পাঠান।
দুদক সূত্র জানায়, ওয়াহিদুর রহমানকে ২১ অক্টোবর দুদকে হাজির হতে বলা হয়েছে। তাঁকে মুক্তিযোদ্ধা হিসেবে সুপারিশকারী মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এস এম মতুর্জা হোসেন এবং সদস্য মাহবুবুল হক চিশতিকে ২৩ অক্টোবর দুদকে হাজির হতে বলা হয়েছে। ওয়াহিদুর রহমানও মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান।
সূত্র আরও জানায়, চাকরিতে যোগ দেওয়ার সময় নিজেকে মুক্তিযোদ্ধা হিসেবে ঘোষণা না দিলেও চাকরির শেষ সময় মুক্তিযোদ্ধা সনদ গ্রহণ করেন ওয়াহিদুর রহমান। সনদ ব্যবহার করে চাকরির মেয়াদ দুই বছর বাড়ানোর অভিযোগে তাঁর বিরুদ্ধে চলতি মাসের শুরুতে অনুসন্ধান শুরু করে দুদক।
এ ছাড়া মুক্তিযুদ্ধ না করেও মুক্তিযোদ্ধা হিসেবে সনদ দাখিল করে চাকরির মেয়াদ বৃদ্ধির অভিযোগে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক হেমায়েত হোসেনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলীকে গত সোমবার এ ব্যাপারে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।