স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন বিভিন্ন শ্রেণীর পল্লি সড়কের অবস্থাও খারাপ। নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজে কিছু সমস্যা ও চলতি বছরের মার্চ মাস থেকে নিয়মিত বৃষ্টি এর কারণ বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।ক্ষতিগ্রস্ত এসব সড়ক, সেতু ও কালভার্ট রক্ষণাবেক্ষণের জন্য জরুরি ভিত্তিতে ৬২৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে রক্ষণাবেক্ষণকাজের সুবিধার্থে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করা হয়েছে।গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় ঈদের ছুটির সময় এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়। এলজিইডির প্রধান প্রকৌশলী মো. ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খান বক্তব্য দেন।স্থানীয় সরকার মন্ত্রণালয় ও এলজিইডি সূত্র জানায়, সড়ক খারাপ থাকায় এ বছর এলজিইডিকে এ যাবৎকালের সর্বোচ্চ পল্লি সড়ক রক্ষণাবেক্ষণ করতে হবে। এ জন্য যে পরিমাণ অর্থ দরকার, জরুরি বরাদ্দ করা ৬২৫ কোটি টাকা এর চার ভাগের এক ভাগ মাত্র। কাজেই ক্ষতিগ্রস্ত সব সড়ক এ অর্থ দিয়ে রক্ষণাবেক্ষণ করা সম্ভব হবে না। যেসব উপজেলা ও ইউনিয়নের সড়ক অত্যধিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে এলাকায় যানবাহন চলাচল বেশি, সেসব সড়ক বাছাই করে কাজ করতে হবে।এলজিইডির আওতাধীন সড়ক নিয়মিত মেরামতের জন্য প্রতিবছর বরাদ্দ থাকে। সড়কগুলোর রক্ষণাবেক্ষণও প্রতিবছরই করা হয়। তার পরও এ বছর সড়কগুলোর অবস্থা বেশি খারাপ কেন, জানতে চাইলে এলজিইডি সূত্র জানায়, নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজে কিছু সমস্যা ছিল। তবে প্রধান কারণ বৃষ্টি ও বন্যা।বর্তমানে এলজিইডির আওতায় সারা দেশে বিভিন্ন শ্রেণীর মোট সড়ক রয়েছে দুই লাখ ৯০ হাজার কিলোমিটার। এর মধ্যে ৭২ হাজার কিলোমিটার পাকা সড়ক। মন্ত্রণালয় সূত্র জানায়, ১৯৯২-৯৩ অর্থবছর থেকে এসব সড়ক রক্ষণাবেক্ষণের জন্য রাজস্ব বাজেটে বরাদ্দ রাখা হয়। এই বরাদ্দ প্রতিবছর জুলাই মাসের শুরুতেই সব জেলার নির্বাহী প্রকৌশলীর দপ্তরে পাঠানো হয়।