এলজিইডির ৮১ লাখ টাকার কাজের লটারি পণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৮১ লাখ টাকার একটি কাজের লটারি যুবলীগ ও ছাত্রলীগের কয়েকজন নেতা পণ্ড করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে ব্রাহ্মণবাড়িয়ায় এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের মিলনায়তনে এ ঘটনা ঘটে। দরপত্রে অংশ নেওয়া ঠিকাদার সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টায় ওই মিলনায়তনে নাসিরনগর উপজেলার বিভিন্ন সড়ক উন্নয়নের তিনটি কাজের লটারি শুরু হয়। ৩ নম্বর ক্রমিকের ৪১ লাখ টাকার কাজের লটারি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। ১ নম্বর ক্রমিকের ৮১ লাখ টাকার কাজের লটারিতে একটি গুটি ওঠে। নাসিরনগর উপজেলা যুবলীগের সভাপতি ঠিকাদার অঞ্জন কুমার দেব সেই গুটিটি ছুড়ে ফেলে দেন। এ নিয়ে ঠিকাদারদের মধ্যে বাগিবতণ্ডা হয়। পরে পুনরায় লটারিতে উঠে আসে খান এন্টারপ্রাইজের নাম। কিন্তু নাসিরনগর উপজেলা যুবলীগের সভাপতি অঞ্জন কুমার দেব ও ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান চৌধুরী এই লটারি প্রত্যাখ্যান করেন। এ নিয়ে অন্য ঠিকাদারদের সঙ্গে তাঁদের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ঠিকাদারেরা ওই দুজনকে লাঞ্ছিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর পরিপ্রেক্ষিতে এলজিইডি কর্তৃপক্ষ লটারি কার্যক্রম স্থগিত করে। ঠিকাদার ও জেলা যুবলীগের সহসভাপতি মাহমুদুর রহমান ওরফে জগলু অভিযোগ করে বলেন, অঞ্জন কুমার দেব ও আসাদুজ্জামান চৌধুরী স্থানীয় সাংসদের লোক। তাই কাজ না পাওয়ায় তাঁরা হইচই করে লটারির কার্যক্রম পণ্ড করে দেন। লাঞ্ছিত ঠিকাদার অঞ্জন কুমার দেব বলেন, ‘তাঁরা আগে থেকেই হাতের মধ্যে গুটি লুকিয়ে রেখেছিলেন। সেগুলো ফেলে দেওয়ায় সন্ত্রাসীরা আমাকে ও আসাদুজ্জামানকে লাঞ্ছিত করে। এ ঘটনায় আমি ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় লিখিতভাবে অভিযোগ করেছি।’সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুল ইসলাম বলেন, ওই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি।এলজিইডির ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মুসলে উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দুই পক্ষের মধ্যে গন্ডগোলের পর লটারি বন্ধ করে দিই। পুলিশ ও জেলা প্রশাসনের প্রতিনিধিদের উপস্থিতিতে পরে আবার লটারি হবে।’