এলজিএসপির দেড় কোটি টাকা লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজ শেষ না করেই পটুয়াখালীর বাউফল উপজেলায় স্থানীয় সরকার বিভাগের স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের (এলজিএসপি) প্রায় দেড় কোটি টাকা উত্তোলন করা হয়েছে। উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা এই টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।উপজেলার ইউপি কার্যালয়গুলো সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার বিভাগের পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে ২০১১-২০১২ অর্থবছরে বাউফলের ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও একজন মহিলা সদস্যের যৌথ নামে খোলা ব্যাংক হিসাবে দুই দফায় ওই প্রকল্পের এক কোটি ৫০ লাখ ৩৭ হাজার ৭৫৬ টাকা বণ্টন করে দেওয়া হয়। গত ৩০ জুনের মধ্যে এসব প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও বেশির ভাগ ইউনিয়নে এসব প্রকল্পের কাজ অর্ধেকও হয়নি। কোনো কোনো প্রকল্পের কাজ শুরুই হয়নি। কিন্তু বরাদ্দের সব টাকা উত্তোলন করা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইউপি সদস্য ও সচিব অভিযোগ করেন, প্রকল্প বাস্তবায়ন কমিটির সঙ্গে উপজেলা প্রশাসনের একজন কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একজন উপসহকারী প্রকৌশলীকে রাখা হলেও তাঁদের পাশ কাটিয়ে বরাদ্দের সব টাকা উত্তোলন করা হয়েছে। ইউপি চেয়ারম্যানরা এসব প্রকল্পের সঙ্গে সরাসরি জড়িত না থাকলেও তাঁরা ইউপি সদস্যদের প্রকল্পের সভাপতি করে তাঁদের মাধ্যমে এই টাকার সিংহভাগ হাতিয়ে নিয়েছেন। কাজ হলো কি হলো না, সেটা বড় বিষয় নয়, চেয়ারম্যানরা প্রভাবশালী বিধায় তাঁদের নির্দেশে ইউপি সদস্যদের চেকে স্বাক্ষর দিতে হয়েছে।টাকা উত্তোলনের কথা স্বীকার করে নওমালা ইউপির কামাল হোসেন, কালিশুরীর আবদুর রহমান, সূর্যমণির আনোয়ার হোসেন, দাশপাড়ার এন এম জাহাঙ্গীর, বাউফলের জসিম উদ্দিন এবং কেশবপুর ইউপির চেয়ারম্যান তসলিম তালুকদার বলেন, এখনো প্রকল্পের কাজ শেষ হয়নি। তবে শেষ করা হবে। শতভাগ কাজ হয়েছে দাবি করে আদাবাড়িয়া ইউপি চেয়ারম্যান সামছুল হক বলেন, কোনো অনিয়ম হয়নি।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কালাম আজাদ বলেন, এলজিএসপির বরাদ্দের অর্থ দিয়ে প্রকল্পের কাজ সম্পাদনের সব ক্ষমতা সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানদের দেওয়া হয়েছে। কিন্তু কাজ না করে অর্থ আত্মসাতের কোনো সুযোগ নেই। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।