এলডিপি অফিস থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
চট্টগ্রাম মহানগর লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কার্যালয় থেকে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে নগরের তিন পোলের মাথার লায়লা টাওয়ারের এলডিপি কার্যালয় থেকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ৩০টি খালি জর্দার কৌটা, দুই প্যাকেট সাদা ও লাল গান পাউডার এবং এক প্যাকেট সিসা। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। তবে এ সময় কার্যালয়ে কেউ ছিল না বলে জানা গেছে। গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (এসি) এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে রাতে বলেন, ‘আমরা এলাকার লোকজন ও ইলেকট্রনিক মিডিয়ার কিছু সদস্যকে সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করি। এ সময় এলডিপি কার্যালয়ের ভেতরে তালা ভেঙে ঢুকে ছোট একটি কক্ষ থেকে হাতবোমা তৈরির এসব সরঞ্জাম উদ্ধার করি।’এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তানভীর আরাফাত জানান।