এলডিপি নেতা অলিকে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গ করে কক্সবাজার সমুদ্রসৈকত এলাকায় স্থাপনা নির্মাণের অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রধান অলি আহমদকে হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা জানাতে ২৮ ফেব্রুয়ারি তাঁকে হাজির হতে বলা হয়েছে।গতকাল বুধবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এই রুল জারি করেন। গতকাল ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ ‘অলি’স ক্যাসল অন বিচ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এটা আদালতের নজরে আনেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির আইনজীবী ইকবাল কবির। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।ইকবাল কবির প্রথম আলোকে বলেন, প্রতিবেদনে বলা হয়েছে, পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গ করে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই ওই ক্যাসল নির্মাণ শুরু করা হয়েছে। তাই পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গ ও সরকার-ঘোষিত পরিবেশ সংকটাপন্ন কক্সবাজারের সমুদ্রসৈকত এলাকায় স্থাপনা নির্মাণের বিষয়ে ব্যাখ্যা জানাতে অলি আহমদকে ২৮ ফেব্রুয়ারি হাজির হতে নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ওখানে স্থাপনা নির্মাণ যাতে অব্যাহত না থাকে, তা নিশ্চিত করতে কক্সবাজারের জেলা প্রশাসক ও সদর থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ওই অভিযোগে কেন তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এবং স্থাপনা ভেঙে ফেলার নির্দেশ কেন দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়েছে। পরিবেশসচিব, ভূমিসচিব, কক্সবাজার জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে ১২ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।