এলডিপিকে সমর্থনে কেন্দ্রের চিঠি মানছে না বিএনপি
কুমিল্লার চান্দিনা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কাউকে ছাড় দিচ্ছে না। উভয় দলই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলাদা প্রার্থী দিয়েছে। এলডিপি প্রার্থীদের সমর্থন দেওয়ার বিষয়ে কেন্দ্রের চিঠিও মানছে না স্থানীয় বিএনপি।
তৃণমূলের নেতা-কর্মীদের দাবি, চান্দিনায় এলডিপির কোনো ভোট নেই। বিএনপি-সমর্থিত প্রার্থীদের সঙ্গেই আওয়ামী লীগের প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা হবে। কেন্দ্রের চিঠি ও প্রার্থী ঘোষণা ভোটারদের মধ্যে কোনো প্রভাব ফেলবে না। ৩১ মার্চ এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
জানা যায়, চান্দিনা উপজেলায় চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী হয়েছেন। এর মধ্যে সব পদেই আওয়ামী লীগ একক প্রার্থী দিয়েছে। অন্যদিকে ১৯-দলীয় জোটের দুই দল বিএনপি ও এলডিপি সব পদেই আলাদা প্রার্থী দিয়েছে।
স্থানীয় নেতা-কর্মীরা জানিয়েছেন, উপজেলা বিএনপি চেয়ারম্যান পদে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা জামায়াতের সেক্রেটারি মোশারফ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা দলের সভাপতি আনোয়ারা জামানকে সমর্থন দিয়েছে। এলডিপি চেয়ারম্যান পদে কেন্দ্রীয় গণতান্ত্রিক যুবদলের সহসাধারণ সম্পাদক মো. আবু তাহেরকে, ভাইস চেয়ারম্যান পদে চান্দিনা উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. শরীফুজ্জামান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা এলডিপির সদস্য নার্গিস আক্তারকে সমর্থন দেয়।
সম্প্রতি কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব (দপ্তর সম্পাদক) রুহুল কবির রিজভী চিঠি দিয়ে ১৯-দলীয় জোটের প্রার্থী হিসেবে এলডিপির সব প্রার্থীকে সমর্থন জানানোর কথা বলেন। এ ছাড়া ২৪ মার্চ দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় চান্দিনায় এসে এলডিপির প্রার্থীদের সমর্থনে একাধিক পথসভায় বক্তব্য দিয়েছেন। এতেও পিছপা হয়নি চান্দিনা বিএনপি।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একাধিক নেতা প্রথম আলোকে বলেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী খোরশেদ আলম সামান্য ভোটের ব্যবধানে হেরে যান। এলডিপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব রেদোয়ান আহমেদ তখন বিএনপির বিরোধিতা করেছিলেন। এখন এর পাল্টা জবাব দেওয়ার জন্য মুখিয়ে আছেন নেতা-কর্মীরা।
জানতে চাইলে এলডিপির চান্দিনা উপজেলা সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান বলেন, চান্দিনায় এলডিপির ভোট নেই, সেটা ঠিক নয়। কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি ও চান্দিনা উপজেলার সভাপতি খোরশেদ আলম বলেন, ‘তৃণমূলের নেতা-কর্মীরা প্রার্থী ঠিক করেছেন। চান্দিনায় বিএনপি শক্তিশালী। সুষ্ঠু নির্বাচন হলে সবাই জয়ী হবে। কেন্দ্রীয় বিএনপির চিঠি তৃণমূল মানছে না।’
এলডিপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব রেদোয়ান আহমেদ গত বৃহস্পতিবার রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চান্দিনা বিএনপি খালেদা জিয়ার সিদ্ধান্ত অমান্য করছে। ২৯ ডিসেম্বরের সংসদ নির্বাচনে আমার দল বিএনপির সঙ্গে ছিল না। আমি বিএনপির বিরোধিতাও করিনি।’