এলডিপির কার্যালয়ে বিএনপির ভাঙচুর, কর্মীদের মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনায় বিএনপির নেতা-কর্মীরা গতকাল বুধবার দুপুরে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কার্যালয় ভাঙচুর করেন। এ সময় তাঁরা দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা চালান। এরপর এলডিপির লোকজন উপজেলার বারেরা ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া যায়। জানা গেছে, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের চান্দিনায় আগমন উপলক্ষে বিএনপি ও এলডিপি আলাদাভাবে মাইকযোগে প্রচার চালায়। উভয় দল প্রচারণা চালায়, চিফ হুইপ দুই দলের কার্যালয়ে গিয়েই বক্তব্য দেবেন। এ কারণে সংঘর্ষ হয় বলে জানা গেছে। তবে জয়নুল আবদিন ফারুক বিএনপির কার্যালয়ে বক্তব্য দিয়ে প্রচারপত্র বিতরণের পর ঢাকায় চলে যান। এলডিপির কেন্দ্রীয় কমিটির মহাসচিব রেদোয়ান আহমেদ গতকাল তাঁর নিজ নির্বাচনী এলাকা চান্দিনায় উপস্থিত ছিলেন না। ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের নবম জাতীয় সংসদ নির্বাচনের পর এখানে উভয় দলের মধ্যে বেশ কয়েকবার সংঘর্ষ হয়। জানা যায়, গতকাল দুপুর ১২টায় চান্দিনা পূর্ববাজার বিএনপির কার্যালয়ে নির্দলীয়, নিরপেক্ষ সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে ১৮ দলীয় জোটের উদ্যোগে প্রচারপত্র বিতরণ শুরু হয়। ওই সময় এলডিপির নেতা-কর্মীরা চান্দিনা মধ্যবাজারের দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে বিএনপির কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। তখন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী আরশাদের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে এলডিপির কর্মীদের ওপর হামলা চালান। ভাঙচুর করেন দলটির কার্যালয়। দুপুর সোয়া ১২টায় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক চান্দিনা উপজেলা বিএনপি কার্যালয়ে উপস্থিত হন। সেখানে তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন এবং চান্দিনা বাজারে প্রচারপত্র বিতরণ করেন। এ সময় বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন না দিলে এ দেশের জনগণ আওয়ামী লীগকে টেনে-হিঁচড়ে ক্ষমতা থেকে নামাবে।’ এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলম, চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন ভূঁইয়া প্রমুখ। অভিযোগ উঠেছে, ওই ঘটনার জের ধরে বেলা দুইটার দিকে এলডিপির নেতা-কর্মীরা উপজেলার বারেরা ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর করেন এবং বিএনপির ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেন।কুমিল্লা উত্তর জেলা এলডিপির আহ্বায়ক এ কে এম সামছুল হক বলেন, ‘এলডিপির নেতা-কর্মীরা জয়নুল আবদিন ফারুকের অনুষ্ঠানে যোগ দিতে রওনা দিলে বিএনপির শতাধিক নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে আমাদের ধাওয়া করেন। আমরা ছত্রভঙ্গ হয়ে গেলে তাঁরা আমাদের কার্যালয়ে ভাঙচুর চালান। আমরা কারও কার্যালয় ভাঙচুর করিনি।’ এ ব্যাপারে কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, ‘এলডিপির নেতা-কর্মীদের সভামঞ্চে আসতে কেউ বাধা দেয়নি। কারণ অন্য সব শরিক দল আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। আর তাদের কার্যালয় যারা ভাঙচুর করেছে, তারা কেউই বিএনপির নেতা-কর্মী নয়। আরশাদ আমার সঙ্গেই ছিল।’