দলীয় কার্যালয় থেকে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের অভিযোগে বিস্ফোরক আইনে হওয়া মামলায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নয় নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে হাজির হয়ে আসামিরা জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন। জামিন নামঞ্জুর হওয়া এলডিপির নয় নেতা-কর্মী হলেন চন্দনাইশ উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উত্তর জেলা এলডিপির সাধারণ সম্পাদক এস এম নাজিম উদ্দিন, চন্দনাইশ থানা শাখার সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, নগর এলডিপির সাংগঠনিক সম্পাদক দোস্ত মোহাম্মদ, বায়েজিদ থানা শাখার সভাপতি আখতার হোসেন, কর্মী মোজাম্মেল হক, সুমন, হাসান ও আলী মর্তুজা। আসামিপক্ষের আইনজীবী মো. কফিল উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বিস্ফোরক আইনের মামলাটি আজ (বৃহস্পতিবার) মহানগর দায়রা জজ আদালতে আসে। নিয়মানুসারে নয় আসামি আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। আদালত তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’ আগামী ৮ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত। উল্লেখ্য, গত ১৫ মে নগরের নন্দনকানন এলাকায় এলডিপির মহানগর, উত্তর ও দক্ষিণ শাখার কার্যালয়ে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পরদিন এলডিপির ১৭ নেতা-কর্মীকে আসামি করে নগরের কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনের মামলাটি করে পুলিশ।