এলডিপির নয় নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) কার্যালয়ে বিস্ফোরক উদ্ধারের মামলায় নয়জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদের আদালতে শুনানি শেষে এ আদেশ দেন। পরে আগামী রোববার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রাখেন।
নয় আসামি হলেন: এলডিপি চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন, নগর কমিটির দপ্তর সম্পাদক দোস্ত মোহাম্মদ, নগরের বায়েজিদ বোস্তামী থানার সভাপতি আকতার হোসেন, চন্দনাইশ উপজেলার সাধারণ সম্পাদক আকতার আলম, এলডিপির সমর্থক চন্দনাইশ উপজেলার বর্তমান চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী ছাড়াও মো. শুক্কুর, মো. এয়াকুব ও মোজাম্মেল হক রয়েছেন।
দ্রুত বিচার ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে জানান, এলডিপির দলীয় কার্যালয় থেকে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় নয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর জন্য রাষ্ট্রপক্ষ থেকে আদালতে আবেদন জানানো হয়। এ সময় আসামিদের আইনজীবীরা তাঁদের নির্দোষ দাবি করে অভিযোগ গঠন থেকে অব্যাহতির আবেদন করেন। শুনানি শেষে আদালত নয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।
আসামিদের আইনজীবী কফিল উদ্দিন অভিযোগ করেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে পুলিশ দলীয় কার্যালয় থেকে রাতের আঁধারে বিস্ফোরক উদ্ধারের নাটক সাজায়।
২০১২ সালের ১৬ মে নগরের তিনপুলের মাথা এলাকায় এলডিপির দলীয় কার্যালয় থেকে বোমা তৈরির বিস্ফোরক উদ্ধারের দাবি করে পুলিশ। এ ঘটনায় নগর গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২৫ আগস্ট আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। আলোচিত মামলা হিসেবে এটি বিচারের জন্য গত জানুয়ারি মাসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে।