এলডিসি থেকে বের হতে তিন সূচকে এগিয়ে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বল্পোন্নত দেশের তালিকা (এলডিসি) থেকে বেরিয়ে আসতে তিনটি সূচক বা নির্ণায়কে যে মান অর্জন করতে হয়, তার সব কটিতেই বাংলাদেশ এগিয়ে আছে। আগামী মার্চে এই তালিকা থেকে বেরিয়ে আসার জন্য প্রথম পর্যায়ের সুপারিশ করা হবে। কয়েকটি ধাপের পর এলডিসি দেশের তালিকা থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে।

গতকাল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর তেজগাঁওয়ের কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সম্পর্কে অবহিত করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ। পরে দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সংস্কার ও সমন্বয় শাখার সচিব এন এম জিয়াউল আলম।

সচিব বলেন, সাধারণত তিনটি নির্ণায়ককে কেন্দ্র করে স্বল্পোন্নত দেশের তালিকা নির্ধারণ করা হয়। তিন সূচক হলো মাথাপিছু আয়, মানবসম্পদ এবং অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক।

জিয়াউল আলম বলেন, মাথাপিছু আয়ের সূচকে নির্ধারিত মান হলো ১ হাজার ২৩০ মার্কিন ডলার। জাতিসংঘের দ্য কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসির (সিডিপি) হিসাব অনুযায়ী, এ ক্ষেত্রে বাংলাদেশের অর্জন হচ্ছে ১ হাজার ২৭২ মার্কিন ডলার। আর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী, এই আয় ১ হাজার ২৭১ মার্কিন ডলার।

মানবসম্পদ উন্নয়ন সূচকে উত্তরণের মান হলো ৬৬ বা তার বেশি। এ ক্ষেত্রে সিডিপির হিসাব অনুযায়ী বাংলাদেশে আছে ৭২ দশমিক ৮ এবং বিবিএসের হিসাবে ৭২ দশমিক ৯।

সর্বশেষ অর্থনৈতিক ভঙ্গুরতার সূচকে নির্ধারিত মান হচ্ছে ৩২ বা তার কম। সিডিপির হিসাব অনুসারে এ ক্ষেত্রে বাংলাদেশে আছে ২৫ এবং বিবিএসের হিসাব অনুসারে আছে ২৪ দশমিক ৮। সচিব বলেন, তিনটি সূচকেই বাংলাদেশ এগিয়ে রয়েছে।

সভায় মন্ত্রিসভার ত্রৈমাসিক সিদ্ধান্তের অগ্রগতির চিত্রও তুলে ধরা হয়। এতে বলা হয়, গত ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মন্ত্রিসভার আটটি বৈঠকে ৬৮টি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে বাস্তবায়িত হয়েছে ৫৩টি। বাস্তবায়নের হার ৭৭ দশমিক ৯৪ শতাংশ। বাস্তবায়নাধীন আছে ১৫টি। শতাংশের হিসাবে যা ২২ দশমিক শূন্য ৬ শতাংশ।

সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে শীতলপাটি ইউনেসকোর স্বীকৃতি লাভ করায় বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অন্য সদস্যদের শীতলপাটি উপহার দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও প্রতিমন্ত্রী জাহিদ মালেক। এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন। এ ছাড়া বৈঠকের শুরুতে ২৬ জানুয়ারি আন্তর্জাতিক কাস্টমস দিবস উদ্‌যাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকার মূল্যমানের একটি উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর উন্মোচন এবং অবমুক্ত করেন।

অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষা এ বছরই দৃশ্যমান

বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী পরে সাংবাদিকদের বলেন, বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয়ে পড়ে থাকা সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় বলা হয়, জাতীয় শিক্ষানীতির আলোকে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত বাস্তবায়ন করার কাজ আটকে আছে। তখন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বলেন, এ বিষয়ে তাঁদের মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েই আছে। মন্ত্রিসভা থেকে সিদ্ধান্ত এলেই তাঁরা বাস্তবায়ন করবেন। সুতরাং এটা তাঁদের মন্ত্রণালয়ে আটকে আছে তা নয়। আলোচনার একপর্যায়ে উপস্থিত শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, ২০১৮ সালের (চলতি বছর) মধ্যে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার কাজ দৃশ্যমান হবে। বৈঠকে মধ্যম আয়ের দেশ হওয়া নিয়ে আলোচনা হয়।