এলপি গ্যাস কালোবাজারে, কিনতে হচ্ছে দ্বিগুণ দামে
নওগাঁয় সরকার-নির্ধারিত দামের প্রায় দ্বিগুণ দামে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তরল পেট্রোলিয়াম (এলপি) গ্যাস বিক্রি হচ্ছে। পাশাপাশি নিয়ম লঙ্ঘন করে বিপিসির সিলিন্ডারে বেসরকারি কোম্পানির গ্যাস ভরে তা বিক্রি করার অভিযোগ পাওয়া গেছে। শহরের হাট নওগাঁ মহল্লার বাসিন্দা এ কে এম মুসা, গাঁজা ব্যারাকের মাসুদুর রহমান, পাড় নওগাঁ মহল্লার মুকুলসহ আরও অনেকে বলেন, বিপিসির তেল-গ্যাস বিপণনকারী সংস্থা পদ্মা ও যমুনা অয়েল কোম্পানির এক সিলিন্ডার এলপি গ্যাসের নির্ধারিত খুচরা দাম ৭২৫ টাকা। অধিকাংশ ডিলারের কাছ থেকে একেক সিলিন্ডার গ্যাস কিনতে হচ্ছে এক হাজার ২৪০ থেকে এক হাজার ২৫০ টাকায়। এ কে এম মুসা বলেন, বিপিসির ডিলারদের ঘর থেকে বিপিসির এলপি গ্যাস বেসরকারি কোম্পানির দামে তাঁকে কিনতে হচ্ছে।জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আতিকুর রহমান জানান, সরকার-নির্ধারিত দামে নওগাঁয় বিপিসির ডিলারদের কাছ থেকে এলপি গ্যাস না পাওয়ার বিষয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে মাসিক সমন্বয় সভায় অনেক আলোচনা হয়েছে। কিন্তু কোনো কাজ হচ্ছে না। আতিকুর রহমান আরও বলেন, সরকারি সিলিন্ডারে বেসরকারি কোম্পানির গ্যাস ভরে বিক্রি করা যাবে না মর্মে জেলা প্রশাসকের কার্যালয়ে ২০০৭ সালে এক সভায় সিদ্ধান্ত হয়। কিন্তু জেলায় বিপিসির অনেক ডিলার সিলিন্ডারে বেসরকারি কোম্পানির গ্যাস ভরে বিক্রি অব্যাহত রেখেছেন। নাম প্রকাশ না করার শর্তে নওগাঁ শহরের একজন এলপি গ্যাস ডিলার জানান, পদ্মা ও যমুনা অয়েল কোম্পানির স্থানীয় দুজন ডিলার শহরের কালীতলা রোডের মেসার্স শাওন ট্রেডার্স ও নওগাঁ সদর উপজেলার হাপানিয়া এলাকার মোস্তফা অ্যান্ড সন্স গত ৩১ জুলাই তাদের নামে বরাদ্দ সব এলপি গ্যাস চড়া দামে কালোবাজারে বিক্রি করে দিয়েছে। এমন ঘটনা ঘটছে প্রতি মাসেই। তবে মেসার্স শাওন ট্রেডার্স ও মোস্তফা অ্যান্ড সন্সের স্বত্বাধিকারীরা কালোবাজারে গ্যাস বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন। শাওন ট্রেডার্সের স্বত্বাধিকারী স্বপন বিশ্বাস বলেন, ৩১ জুলাই তাঁর প্রতিষ্ঠানের নামে বরাদ্দ ২৫ সিলিন্ডার গ্যাস বগুড়ায় পরিবহন ধর্মঘট থাকার কারণে তিনি তুলতে পারেননি। ফলে বরাদ্দ বাতিল হয়ে যায়। এলপিজি বগুড়া ডিপোর অপারেশন কর্মকর্তা জাফরুল ইসলাম বলেন, স্বপন বিশ্বাসের দাবি সত্য নয়। ওই প্রতিষ্ঠান তাদের গ্যাস ৩১ জুলাই তুলে নিয়েছে। পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির এলপি গ্যাসের প্রতিটি সরবরাহ আদেশের অনুলিপি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। নওগাঁর নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশেক হাসান বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ে পদ্মা ও মেঘনা অয়েল কোম্পানি গত ছয় মাসের মধ্যে কোনো সরবরাহ আদেশের অনুলিপি পাঠায়নি। পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির নওগাঁর মোট ৩৩ জন ডিলারের মধ্যে অন্তত পাঁচটি অস্তিত্ববিহীন প্রতিষ্ঠান পাঁচ-সাত বছর ধরে তাদের নামে বরাদ্দ এলপি গ্যাস কালোবাজারে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ করেছেন সিপিবি নওগাঁ শাখার সাধারণ সম্পাদক মহসীন রেজা। এসব অনিয়মের ব্যাপারে পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সামসুদ্দোহা বলেন, সরকার-নির্ধারিত দামে ভোক্তাপর্যায়ে এলপি গ্যাসের প্রাপ্তি নিশ্চিত করতে বিভিন্ন জেলা শহরে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু কোনো অসাধু ব্যবসায়ী যদি ভোক্তা অধিকার নিশ্চিত করতে না পারেন এবং কালোবাজারে গ্যাস বিক্রি করে দেন, তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে তাঁদের ডিলারশিপ বাতিল করা হবে। একই রকম বক্তব্য দেন যমুনা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (বিপণন) মিজানুর রহমান। মেঘনা অয়েল কোম্পানির বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক শাহিন রেজা বলেন, এসব বিষয়ে তাঁর দপ্তরে কেউ কোনো অভিযোগ করেনি। তার পরও বিষয়টি খতিয়ে দেখে অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।