প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, দেশে এলপি গ্যাসের ব্যবহার ক্রমেই বাড়ছে। বাড়ছে ব্যবহারকারীর সংখ্যাও। তাঁদের জন্য যাতে এলপি গ্যাস সহজলভ্য হয় এবং এই গ্যাসের দাম স্থিতিশীল থাকে, সরকার সেই পদক্ষেপ নেবে। গতকাল রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তৌফিক-ই-ইলাহী এসব কথা বলেন। তিনি বলেন, জ্বালানি খাতে বর্তমানের চেয়েও ভবিষ্যতের চ্যালেঞ্জ আরও বড়। তাই এ খাতের পরিকল্পনা হতে হয় সুদূরপ্রসারী। বর্তমান সরকারের সেই পরিকল্পনা আছে, যাতে দেশের সকল পর্যায়ের মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যায়। জ্বালানি খাতে কর্মরত সাংবাদিকদের সংগঠন এফইআরবি এই সেমিনারের আয়োজন করে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, এলপি গ্যাস সরবরাহকারী দেশি-বিদেশি সব প্রতিষ্ঠান যাতে সরকারি নীতির আলোকে সমান সুযোগ পায়, তা নিশ্চিত করা হবে। গ্যাসের উপজাত কনডেনসেট প্রক্রিয়াকরণ করে দেশেই এলপি গ্যাসের উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান এমদাদুল হক বলেন, দেশে এলপি গ্যাসের উৎপাদন অনেকটাই বাড়ানো সম্ভব। এলপি গ্যাসের সরবরাহ ও দামের বিষয়ে বিইআরসি ইতিমধ্যে একটি প্রবিধানমালা তৈরি করে আইন মন্ত্রণালয়ের পরীক্ষা-নিরীক্ষার (ভেটিং) জন্য পাঠিয়েছে। এটি গেজেট আকারে প্রকাশিত হলে এই খাতের অনেক সমস্যারই সমাধান হবে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও জ্বালানি খাতের বিশিষ্ট গবেষক ইজাজ হোসেন বলেন, বর্তমানে এলপি গ্যাসের যে দাম, তাতে এর ব্যবহার সম্প্রসারিত হওয়া কঠিন। এলপি গ্যাস ক্রমেই একটি অপরিহার্য জ্বালানি হয়ে উঠছে। তাই এর সরবরাহ ও ব্যবহার বাণিজ্যিক বাজারের ওপর ছেড়ে দিলে হবে না। কীভাবে এর দাম ও সরবরাহ স্থিতিশীল করা যায়, তা ভেবে পদক্ষেপ নিতে হবে।
পেট্রোবাংলা ও বিপিসির সাবেক চেয়ারম্যান মুক্তাদীর আলী বলেন, পাইপলাইনে গ্যাসের দাম অত্যন্ত কম থাকায় এলপি গ্যাসের ব্যবহার বাড়েনি। এই গ্যাসের দাম নিয়ন্ত্রণ এবং বহুতল ভবন বা শিল্পে ব্যবহারের জন্য বেশি পরিমাণ গ্যাস মজুত রাখার কৌশল বের করে এর ব্যবহার বাড়ানো সম্ভব। অনুষ্ঠানে অস্ট্রেলীয় কোম্পানি পেট্রিগ্যাস-ক্লিনহিটের মহাব্যবস্থাপক মো. সাইদুল ইসলাম, বসুন্ধরা এলপি গ্যাসের মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) মো. নুরুল আলম, যমুনা স্পেসটেকের ইয়াসিন আ০রাফাত এবং নতুন করে বাজারে আসার জন্য প্রক্রিয়াধীন ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নিজাম আহমেদও বক্তব্য দেন। তাঁরা আগামী বছরের প্রস্তাবিত বাজেটে এলপি গ্যাসের সিলিন্ডারের আমদানি শুল্ক বাড়ানোর পক্ষে-বিপক্ষে নিজ নিজ কোম্পানির মতামত তুলে ধরেন।