
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দারুণ এক সংকটময় অবস্থার মধ্যে বর্তমান সরকারের যাত্রা শুরু করতে হয়েছিল। কিন্তু এখন অবস্থা বদলেছে। উন্নতি দৃশ্যমান হয়েছে। আরও হবে। সরকারের লক্ষ্য হচ্ছে টেকসই জ্বালানি নিরাপত্তার বাতাবরণ তৈরি করা।
জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে অর্থমন্ত্রী এ কথা বলেন। গতকাল শনিবার সকালে কারওয়ান বাজারের পেট্রোসেন্টার মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে অর্থমন্ত্রী বলেন, আবাসিক খাতে আর গ্যাস-সংযোগ দেওয়া সম্ভব হবে না। রান্নাবান্নার বিষয়টি সবার জন্য অপরিহার্য হলেও এই খাতে ব্যবহারের জন্য বিকল্প (এলপি গ্যাস) আছে। সেটাই সহজলভ্য করা হবে। একাধিক দেশি কোম্পানিকে এলপি গ্যাসের সিলিন্ডার উৎপাদনের জন্য সুযোগ-সুবিধাসহ অনুমোদন দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তাঁরা সুযোগের অপব্যবহার করছেন। এভাবে চললে ভবিষ্যতে সিলিন্ডার আমদানি উন্মুক্ত করে দেওয়া হতে পারে।
অর্থমন্ত্রী বলেন, দেশের জ্বালানি উৎস যথেষ্ট না হওয়ায় এলএনজিসহ (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) জ্বালানি আমদানি করা হবে। পাশাপাশি দেশের মধ্যে জলে-স্থলে অনুসন্ধান জোরদার করা হবে। বিদ্যুৎ ও শিল্প গ্যাস ব্যবহারের অগ্রাধিকার পাবে। নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নতিকে প্রাধান্য দেওয়া হবে।
১৯৭৫ সালের ৯ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শেল অয়েল কোম্পানির কাছ থেকে মাত্র ৪৫ লাখ পাউন্ডে পাঁচটি গ্যাসক্ষেত্রের স্বত্ব কিনে রেখে যে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন, সে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেন, এখন সময় এসেছে বিদেশে জ্বালানি সম্পদ (তেল, গ্যাস কিংবা কয়লাখনি) কিনে রাখার। বর্তমান প্রেক্ষাপটে সেটা হবে আরেক যুগান্তকারী উদ্যোগ।
সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, আগামী দু-এক বছরের মধ্যে দেশের জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন ঘটবে। এ ক্ষেত্রে চ্যালেঞ্জ হবে জনবল ও অর্থ। এখন বিশেষ গুরুত্ব দিতে হবে এই চ্যালেঞ্জ মোকাবিলায়।
জ্বালানিসচিব নাজিমউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে স্বাগত বক্তব্য দেন পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক হারুন-আর রশীদ। বক্তব্য দেন পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. মাহমুদ রেজা খান ও ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নিহাল উদ্দিন।
প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেল অয়েলের কাছ থেকে পাঁচটি গ্যাসক্ষেত্র কিনে রাখার চুক্তি সই করেছিলেন ’৭৫ সালের ৯ আগস্ট। সরকার ২০১০ সাল থেকে ওই দিনটিকে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস হিসেবে পালন করছে। ওই পাঁচটি ক্ষেত্রে (তিতাস, হবিগঞ্জ, রশিদপুর, বাখরাবাদ ও কৈলাসটিলা) এখনো প্রায় ৭ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ) গ্যাস আছে, যার দাম দেশের বাজারমূল্যে ১৬ বিলিয়ন (১ হাজার ৬০০ কোটি) ডলার।